২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে যাওয়ার অনুমতি পাচ্ছে মুম্বাই তদন্তকারীরা

মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তের জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি পাচ্ছে ভারতীয় তদন্তকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

নয়াদিল্লি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তের জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি পাচ্ছে ভারতীয় তদন্তকারীরা। নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের শেষ দিন মঙ্গলবার ভারতীয় তদন্তকারীদের পাকিস্তান ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর মধ্য দিয়ে ভারতের দীর্ঘদিনের দাবিতে সাড়া দিলো পাকিস্তান। বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "মুম্বাইয়ে হামলার ঘটনা তদন্তের স্বার্থে পাকিস্তান পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নীতিগতভাবে ভারত থেকে একটি তদন্ত কমিশনকে স্বগত জানাতে প্রস্তুত।" ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে তদন্তকারীদের পাকিস্তান সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। বৈঠকে দু'পক্ষ যথাসময়ে সন্ত্রাসের হুমকি নিয়ে আলোচনা করার জন্য একটি হটলাইন চালু করতেও একমত হয়েছে। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা মুখোমুখি হওয়ার দুদিন আগে সোমবার আলোচনায় বসেন ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা। ২০০৮ সালে মুম্বাই হামলার পর শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে দু'দেশের এটাই প্রথম বৈঠক। ২০০৮ সালে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা মুম্বাইয়ে হামলা চালানোর পর দু' দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। গত মাসে দু'দেশের কর্মকর্তারা আবার আলোচনা শুরুর ব্যাপারে একমত হন। এ সপ্তাহে দু'দেশের কর্মকর্তাদের মধ্যকার এ আলোচনা জুলাইয়ে দুপক্ষের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকের পথ প্রশস্ত করবে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২০ ঘ.