টোকিও, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাটিতে তেজস্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম শনাক্ত হয়েছে। ওই কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা জারির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নাওতো কান।
কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো) জানায়, পরমাণু বিক্রিয়ার উপজাত হিসেবে তৈরি হওয়া প্লুটোনিয়াম কেন্দ্রটির পাঁচটি জায়গায় পাওয়া গেছে।
পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম।
কেন্দ্রের মাটিতে শনাক্ত প্লুটোনিয়ামে তেজস্ক্রিয়ার মাত্রা প্রতি কেজিতে শূন্য দশমিক ১৮ থেকে শূন্য দশমিক ৫৪ বেকরেল যা মানুষের জন্য ততোটা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে না।
টেপকোর ভাইস প্রেসিডেন্ট সাকা মুতো বলেন, "এর মাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।"
তবে জাপানের পরমাণু নিরাপত্তা সংস্থা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থার কর্মকর্তা হিদেহিকো নিশিয়ামার উদ্ধৃতি দিয়ে জিজি বার্তা সংস্থা জানায়, "এটা মানুষের জন্য ক্ষতিকর মাত্রায় না হলেও আমি পরিস্থিতি নিয়ে আশাবাদী নই।"
কেন্দ্রটির ৩ নম্বর চুল্লি থেকে প্লুটোনিয়াম বেরিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ কেবল ওই চুল্লিতেই পরমাণু জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের সঙ্গে প্লুটোনিয়াম রয়েছে।
মঙ্গলবার কেন্দ্রটি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে পার্লামেন্টে ব্যাপক প্রশ্নের মুখে পড়েন কান।
পার্লামেন্টে কান বলেন, ফুকুশিমা কেন্দ্রের অবস্থা এখনো আশঙ্কাজনক।
"সর্বোচ্চ সতর্কতার সময়ও কেন্দ্রটি নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়ে যাবে।"
কেন্দ্রটির চারপাশের ২০ কিলোমিটারের বাইরের এলাকা থেকেও অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরানোর ব্যাপারে এমপিদের কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী কান।
পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস সোমবার জানায়, ওই পরমাণু কেন্দ্রের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমের ইটেট গ্রামে ঘণ্টায় ১০ মাইক্রোসিভার্টস পর্যন্ত তেজস্ক্রিয়া পাওয়া গেছে। এ মাত্রার তেজস্ক্রিয়া মানুষের জন্য বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
ওইসব এলাকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরানোর আহ্বান জানায় গ্রিনপিস। এর আগে কেন্দ্রের চারপাশের ২০ কিলোমিটার থেকে ৭০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। ২০ থেকে ৩০ কিলোমিটার এলাকার মধ্যে এক লাখ ৩০ হাজার মানুষকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়।
সোমবার প্রথমবারের মতো বিদ্যুৎকেন্দ্রের বাইরে পানিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়া শনাক্ত হয়।
২ নম্বর পরমাণু চুলি
bdnews24