নয়া দিল্লি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা মুখোমুখি হওয়ার দুদিন আগে আলোচনার টেবিলে বসেছেন ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা। ২০০৮ সালে মুম্বাই হামলার পর শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আনুষ্ঠানিক বৈঠক এটাই প্রথম।
প্রতিবেশী দুই রাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে দুই দিনের এ বৈঠক সোমবার নয়াদিল্লিতে শুরু হয়েছে।
কর্মকর্তাদের বৈঠক শেষ হওয়ার পরদিনই ভারত যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বসে মোহালিতে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলা দেখবেন তিনি।
পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব কামারুজ জামান চৌধুরী বলেন, খেলা দেখতে গিলানিকে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে তার দেশ স্বাগত জানিয়েছে।
"উভয়পক্ষের এ ধরনের পদক্ষেপ শান্তিপূর্ণ সম্পর্ক ও দু'দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এনডিটিভি'র খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজের আগে আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে। এরপর তারা দুইজনই খেলা দেখতে স্টেডিয়ামে যাবেন।
২০০৮ সালে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা মুম্বাইয়ে হামলা চালানোর পর দু' দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। গত মাসে দু'দেশের কর্মকর্তারা আবার আলোচনা শুরুর ব্যাপারে একমত হন।
কর্মকর্তাদের আলোচনার অগ্রগতি পর্যালোচনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর জুলাই নাগাদ ভারত সফরের কথা রয়েছে।
বুধবারের খেলা নিয়ে দুই দেশের জনগণের আগ্রহ যেমন রয়েছে, তেমনি সম্পর্কের উত্তরণে ক্রিকেটকে 'হাতিয়ার' করতে চাইছে দুই দেশের কূটনীতিকরা।
গিলানি ভারতে খেলা দেখতে আসার আমন্ত্রণ গ্রহণের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সে দেশে গুপ্তচর বৃত্তির দায়ে ২৭ বছরের সাজা পাওয়া বন্দি ভারতীয় গোপাল দাসকে মুক্তি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৯১৪ ঘ.
bdnews24