অটোয়া, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন, আগামী ২ মে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগেরদিন পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে হার্পারের নেতৃত্বাধীন সরকারের পতন হয়।
কানাডায় রানী এলিজাবেথের প্রতিনিধি ও রাষ্ট্রপ্রধান গর্ভনর জেনারেল ডেভিড জনস্টোনের সঙ্গে সাক্ষাৎ শেষে শনিবার হার্পার পরবর্তী নির্বাচনের এ তারিখের কথা বলেন।
শুক্রবার সরকার অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য গর্ভনরের প্রতি অনুরোধ জানান তিনি।
হাউজ অব কমন্সে লিবারেল পার্টির নেতা মাইকেল ইগনাটিয়েফের তোলা সরকারের ওপর অনাস্থা প্রস্তাবটি ১৫৬-১৪৫ ভোটে পাস হয়। লিবারেল পার্টির এমপিরা ছাড়াও অন্য দুটি বিরোধী দলের সদস্যরা প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।
কর্পোরেট কর হ্রাস, স্টিলথ জঙ্গিবিমান ক্রয়ের পরিকল্পনা এবং অপরাধ দমন কর্মসূচির সম্পূর্ণ ব্যয় সম্পর্কিত তথ্য প্রকাশ না করে হার্পার সরকার বেআইনি কাজ করেছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত একটি পার্লামেন্টারি কমিটির তদন্তের পর এ অনাস্থা ভোট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএইচ/কেএমএস/২০৫০ ঘ.
bdnews24