২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ক্ষমতা হস্তান্তরের চুক্তি হচ্ছে

ইয়েমেনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুবকর আল-কিরবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

সানা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুবকর আল-কিরবি। শনিবারের মধ্যেই এ সমঝোতা হতে পারে জানিয়ে কিরবি রয়টার্সকে বলেন, "আশা করি এটা আজকেই হবে।" শনিবারও প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা। সালেহর ৩২ বছরের শাসন অবসানের দাবিতে জানুয়ারিতে ইয়েমেনে বিক্ষোভ শুরু হয়। তখন থেকে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সালেহর এ বছরের শেষ নাগাদ ক্ষমতা ছাড়ার প্রস্তাবের ভিত্তিতে এ চুক্তি হবে জানিয়ে কিরবি বলেন, ক্ষমতা হস্তান্তরের সময়সীমা সমঝোতা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। শনিবার রাজধানী সানায় সালেহ আদিবাসীদের উদ্দেশে বলেন, রক্তপাত এড়াতে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। এর আগের দিন তিনি বলেন, দেশে রক্তপাত এড়াতে নিরাপদ ব্যক্তির কাছে ক্ষমতা ছাড়তে প্রস্তুত তিনি। রয়টার্সকে কিরবি বলেন, "যতোক্ষণ পর্যন্ত বিরোধী দল জেএমপি ক্ষমতাসীন দলের সঙ্গে আন্তরিকভাবে সমঝোতা আলোচনা চালিয়ে যাবে ততোক্ষণ সম্ভাব্য সব কিছু করতে ইচ্ছুক প্রেসিডেন্ট সালেহ।" এ বিষয়ে শনিবার ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী দল বৈঠক করছে জানিয়ে মন্ত্রী বলেন, "আমি মনে করি, সময়সীমা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তা কোনো বাধা হয়ে দাঁড়াবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০২৩ ঘ.