ত্রিপোলি, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিবিয়ায় যৌথবাহিনীর টানা পাঁচ দিনের বিমান হামলায়ও দুর্বল হয়নি গাদ্দাফির সামরিক বাহিনী। বরং বিদ্রোহীদের বিরুদ্ধে আরো জোর হামলা চালাচ্ছে তারা।
লিবিয়ার আরো ভেতরের সামরিক লক্ষ্যস্থলগুলোতে বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে পশ্চিমা বাহিনী। হামলায় মিসরাতা শহরের উপকণ্ঠে ধ্বংস হয়ে গেছে সামরিক বাহিনীর ট্যাংক।
বৃহস্পতিবার সকালে লিবিয়ার কেন্দ্রস্থলে একটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় ফ্রান্স।
আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, লিবিয়ার দক্ষিণাঞ্চলে গাদ্দাফি বাহিনীর সাবা ঘাঁটিতে বিমান হামলা হয়েছে। হামলা হয়েছে ত্রিপোলির জ্বালনি ট্যাংকসহ টেলিযোগাযোগ টাওয়ারেও।
মিসরাতা শহরের কাছে বৃহস্পতিবারের হামলায় ফ্রান্স লিবিয়ার একটি বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
কিন্তু এতেও মিসরাতায় বিদ্রোহীদের বিরুদ্ধে গাদ্দাফি বাহিনীর অভিযান থামানো যাচ্ছে না। শহরটিতে ঢুকে পড়ছে ট্যাংক।
শহরের উপকণ্ঠে ট্যাংক ধ্বংস হলেও শহরের ভেতরে থাকা অন্যান্য ট্যাংকগুলো অক্ষতই রয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী ও অধিবাসীরা।
রাতের অন্ধকারে মিসরাটা শহরে ঢুকছে ট্যাংক। চলছে শেল নিক্ষেপ চলছে হাসপাতালের কাছের এলাকায়। ট্যাংক হামলার পাশাপাশি গাদ্দাফির বন্দুকধারীরাও গুলি ছুড়ছে।
'পরিস্থিতি খুবই মারাত্মক' বলে জানিয়েছেন মিসরাতা হাসপাতালের এক ডাক্তার।
মিসরাতায় বুধবার রাতের আধাঁরে সরকারি বাহিনী ট্যাংক থেকে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে বিদ্রোহী ও অধিবাসীরা। শহরের মূল হাসপাতালের কাছে ট্যাংকের গোলাবর্ষণ হয়েছে বলে জানায় তারা।
গত কয়েকদিনের মতো বুধবারও গাদ্দাফির কয়েকটি সেনা ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পশ্চিমা বাহিনী। এ হামলায় গাদ্দাফির বিমান বাহিনী পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে বলে দাবি করে যৌথবাহিনী।
বিশেষ করে মিসরাতা শহরে বিমান হামলার মুখে প্রাথমিকভাবে গাদ্দাফির অনুগত বাহিনীর পিছু হটার খবর পাওয়া যায়। কিন্তু এর মধ্যেও মিসরাতায় লোকজনের ওপর গাদ্দাফি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে।
যৌথবাহিনীর হামলার কারণে দিনের বেলা অভিযান বন্ধ রাখলেও রাতে ট্যাংক হামলা চালায় লিবিয়ার সরকারি বাহিনী।
পাশাপাশি শহরটিতে বিক্ষোভকারী ও বিদ্রোহীদের ওপর গাদ্দাফির বন্দুকধারীদের গুলিও চলছে। তাদের চোরাগোপ্তা হামলায় সেখানে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বিদ্রোহীদের এক মুখপাত্র।
মিসরাতার এক চিকিৎসক টেলিফোনে রয়টার্সকে বলেন, "মিসরাতা শহরের কাছে পৌঁছেছে সরকারি বাহিনীর ট্যাংক এবং সেগুলো থেকে গোলা ছোড়া হচ্ছে।"
এছাড়া আজদাবিয়া শহরেও সরকারি বাহিনী ও বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইয়ের খবর পাওয়া গেছে। শহরে গোলাবর্ষণ,বন্দুকযুদ্ধ ও ঘর-বাড়িতে আগুন লাগানো হচ্ছে জানিয়ে সেখান থেকে পালাচ্ছে অধিবাসীরা।
লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ত্রিপোলি ও এর পশ্চিমের শহর জাফরে আঘাত হেনেছে পশ্চিমা বাহিনী।
টেলিভিশনে বলা হয়, "ধর্মযুদ্ধের শত্র"রা বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।"
বৃহস্পতিবার সকালে ত্রিপোলিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং একটি সেনা ঘাঁটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
এদিন, সকালে লিবিয়ার কর্মকর্তারা সাংবাদিকদের হাসপাতালে নিয়ে পশ্চিমা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮ টি সামরিক ও বেসামরিক মানুষের লাশ দেখান।
লিবিয়ায় সার্থকভাবে উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।
যুক্তরাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে, জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়নে লিবিয়ার বিমান প্রতিরক্ষা স্থাপনায় টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জেরার্ড লঙ্গেট বলেন, গত তিন দিনে লিবিয়ার ১০টি সাজোঁয়া যান ধ্বংস করেছে ফরাসি বাহিনী।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে সাংবাদিকদের বলেন, কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সামরিক বাহিনীকে তছনছ করতে পশ্চিমা যৌথবাহিনীর কয়েকদিন বা সপ্তাহ লাগবে। তবে এর জন্য মাসের প্রয়োজন হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৪৮ ঘ.
bdnews24