লন্ডন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্স উইলিয়ামের চেয়ে তার বাবা প্রিন্স চার্লসকেই দেশের পরবর্তী রাজা হিসেবে চায় অধিকাংশ ব্রিটিশ। বৃহস্পতিবার এক জরিপের ফলে এমনটিই দেখা গেছে।
উইলিয়ামের বিয়ে নিয়ে জনমনে বিপুল আগ্রহ এমনকি আগের আরেকটি জরিপে উইলিয়ামই পছন্দের তালিকায় এগিয়ে থাকার পরও সর্বসাম্প্রতিক জরিপে বাবা চার্লসের এই জনপ্রিয়তা দেখা গেছে।
কিছুদিন আগে আরেকটি জরিপের ফলে এগিয়ে ছিলেন উইলিয়াম। ওই জরিপে দেখা যায়, ব্রিটিশরা মনে করে রানী এলিজাবেথের পর চালর্স নন, বরং উইলিয়ামই তার উত্তরসুরী হওয়া উচিত।
গত নভেম্বরে উইলিয়ামের সঙ্গে তার বান্ধবী কেট মিডলটনের বাগদানের ঘোষণা দেওয়া পরপরই
এ জরিপগুলো চালানো হয়।
আর সর্বসম্প্রতি বৃহস্পতিবার প্রসপেক্ট ম্যাগাজিনের 'ইউগভ' পরিচালিত জরিপের ফলে দেখা যাচ্ছে, জনগণের আশা-আকাঙ্খার পরিবর্তন ঘটেছে।
জরিপে অংশ নেওয়া ২ হাজার ৪শ' ৯ জনের মধ্যে ৪৫ শতাংশই মনে করেন পরবর্তী রাজা হওয়া উচিত চার্লসের। ৩৭ শতাংশ মনে করেন তা হওয়া উচিত নয়।
২০০৫ সালে একই ধরনের জরিপে ৪১ শতাংশ ব্রিটিশ উইলিয়ামের পক্ষে মত দিয়েছিলো।
প্রসপেক্ট বলছে, উইলিয়ামের পক্ষে জনমত কমে যাওয়ার একটি কারণ হতে পারে বিয়ের পরে তাদেরকে যথাসম্ভব স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া। আগামী ২৯ এপ্রিল কেটকে বিয়ে করছেন উইলিয়াম।
ওদিকে, ব্রিটেনের সংবিধান বিশেষজ্ঞ নরম্যার সেন্ট জন-স্টিভাস বলেন, চার্লসকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। কারণ তা সংবিধানবিরোধী হবে।
এর ফলে রাজতন্ত্র দুর্বল হয়ে পড়বে, এবং উইলিয়ামের জন্যও এ কাজ বেশ কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, তাছাড়া রাজতন্ত্রের জন্য অনেক করেছেন চার্লস। তাকে বঞ্চিত করা হলে তা বিশাল অন্যায় হবে।
এ জরিপে আরো দেখা যায় যে, রাজতন্ত্র বাতিল করার প্রতি আগ্রহে ভাটা পড়ছে ক্রমেই। মাত্র ১৩ শতাংশ ব্রিটিশ রাজতন্ত্রের অবসান চায়।
১৯৯৭ সালে চালর্সের সাবেক স্ত্রী ডায়ানা দুর্ঘটনায় নিহত হওয়ার পরে রাজতন্ত্র বাতিলের পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছিলো।
তবে তিনশ' বছরের পুরোনো রাজতন্ত্রের রীতিনীতিতে পরিবর্তন চায় বেশিরভাগ ব্রিটিশ। ৭৫ শতাংশ ব্রিটিশ মনে করে, রাজার উত্তরসুরী ছেলে অথবা মেয়ে যে-ই হোক, তারই পরবর্তীতে সিংহাসনে বসা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৩৫ ঘ.
bdnews24