সানা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের প্রতিবাদে পদত্যাগ করেছেন জাতিসংঘে ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলসাঈদি।
শুক্রবার ইয়েমেনে সানা বিশ্ববিদ্যালয়েরর কাছে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী এবং সরকারপন্থি বন্দুকধারীদের গুলিতে ৪২ জন বিক্ষোভকারী নিহত হয়।
এর প্রতিবাদে প্রেসিডেন্টের কার্যালয়ে এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান আলসাঈদি। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।
শুক্রবারের বিক্ষোভের প্রতিবাদেই আলসাঈদির এ পদত্যাগ বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে শনিবার ইয়েমেন সরকারের দমনপীড়নের প্রতিবাদে পদত্যাগ করেন দেশটির ক্ষমতাসীন দলের দুই বিশিষ্ট সদস্য। এরা হলেন পর্যটন মন্ত্রী এবং দলের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান।
এছাড়াও পদত্যাগ করেন সরকারি সংবাদ সংস্থার প্রধান এবং ক্ষমতাসীন দলের নেতৃস্থানীয় সদস্য নাসের তাহা মুস্তফা।
শুক্রবারের ওই বিক্ষোভ সহিংসতার পর দেশে জরুরি অবস্থা জারি করে সরকার।
কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের মুখেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সালেহ এর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩৫ ঘ.
bdnews24