২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লিবিয়ায় সামরিক অভিযান আসন্ন'

লিবিয়ায় যুদ্ধবিরতি ঘোষণার পরেও কিছু সংঘর্ষের ঘটনায় শনিবার লিবিয়া পরিস্থিতি পর্যালোচনায় প্যারিসে এক আন্তর্জাতিক বৈঠক বসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 06:29 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ত্রিপোলি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় যুদ্ধবিরতি ঘোষণার পরেও কিছু সংঘর্ষের ঘটনায় শনিবার লিবিয়া পরিস্থিতি পর্যালোচনায় প্যারিসে এক আন্তর্জাতিক বৈঠক বসছে। ফ্রান্স বলেছে, এ বৈঠকে সিদ্ধান্ত হলে লিবিয়ায় তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান চালানো হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও আরব লীগের নেতারা এ বৈঠকে অংশ নেবেন। এদিকে লিবিয়ার শাসক গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক দাবি উপেক্ষা করার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার লিবিয়ায় সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পর মুয়াম্মার গাদ্দাফি একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার ওই ঘোষণার পরও দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ চলার খবর পাওয়া যায়। জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড আরুদ বলেন, "আমার ধারণা, লিবিয়া পরিস্থিতি নিয়ে শনিবার বৈঠকের পরপরই আমাদের সামরিক অভিযান শুরু করতে হতে পারে।" এদিকে শনিবার সকালে লিবিয়ার বেনগাজিতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানে জঙ্গি বিমান ওড়ারও শব্দ পাওয়া যায়। বিদ্রোহীদের দমনে গাদ্দাফির বাহিনী সেখানে নতুন করে অভিযান শুরু করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/কিউএইচ/জেকে/১২২৪ ঘ.