ইয়েমেন, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে শুক্রবার সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানে ৩০ জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আল-জাজিরা টেলিভিশন এ খবর দিয়েছে।
সালেহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে।
তবে এ জরুরি অবস্থা কতদিন বলবৎ থাকবে সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
এর আগে এক খবরে ইয়েমেনের চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী সানায় শুক্রবার জুমার নামাজের পর সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী এবং সরকারপন্থি বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩০ জন নিহত এবং ২শ জন আহত হয়েছে।
সানা বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী গুলি চালায়। ওদিকে, তাঘির স্কয়ারে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সশস্ত্র সরকারপন্থিরা কাছাকাছি কয়েকটি ভবনের ছাদে অবস্থান নেয় বলে বিবিসিকে জানান চিকিৎসকরা।
সানায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের মিছিল ঠেকাতে নিরাপত্তা বাহিনী প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এরপর আরো গুলিবর্ষণ চলতে থাকলে নিহতের সংখ্যা বেড়ে যায়।
হতাহতের এ ঘটনার জন্য কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন দিক থেকে গুলিবর্ষণ হওয়ার কথা জানিয়েছে।
আহতদের বেশিরভাগই মাথায়, ঘাড়ে এবং বুকে গুলিবিদ্ধ হয়েছে বলে এএফপি কে জানিয়েছেন এক চিকিৎসক।
ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে একমাস ধরে সহিংস বিক্ষোভ চলছে। সালেহ খুব শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার রাজধানী সানা ছাড়াও অন্যান্য নগরীতে হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া গেছে।
ডাক্তারদের সিন্ডিকেটের মহাসচিব আব্দুল কাওয়ি আল-সুমাইরি বলেন, "পরিস্থিতি মার্মান্তিক। বহু মানুষ হতাহত হয়েছে।"
এর আগে ৯ মার্চে ইয়েমেনে সানা বিশ্ববিদ্যালয়ের কাছে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত এবং অন্তত ৮০ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২ ঘ.
bdnews24