টোকিও, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুকুশিমার ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক চুল্লীর বিপর্যয় রোধে দুটি চুল্লিতে পুনরায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপানি প্রকৌশলীরা।
শুক্রবার বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন তারা। বিদ্যুৎ সরবরাহ চালু হলে ফুকুশিমার দাইচি প্রকল্পের ক্ষতিগ্রস্ত চুল্লিগুলোতে পানি সরবরাহের পাম্প চালু করার চেষ্টা করা হবে। আর কেবল সেক্ষেত্রেই তাপ কমিয়ে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়া বন্ধ করা যাবে।
তবে চুল্লিগুলোতে বাইরে থেকে পানি সরবরাহের কাজ আবার চালু করার জন্য মেরামতের কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে বিদ্যুৎ সরবরাহ চালু হলেই পাম্পগুলো চালু করা সম্ভব হবে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি দাইচি কর্তৃপক্ষ। এ প্রকল্পের কয়েকটি চুল্লিতে বিস্ফোরণের ফলে পাম্পগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) এক কর্মকর্তা বলেন, মেরামতের কাজ যতো দ্রুত শেষ হবে বলে আমরা আশা করেছিলাম, ততো দ্রুত তা সম্ভব হচ্ছে না।
তবে তেজস্ক্রিয়তার মাত্রা সারাক্ষণই নজরে রাখা হচ্ছে বলে জানান তিনি।
গত ১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে জাপানের পূর্ব ঊপকূলের এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই ভূমিকম্পের পরদিন ফুকুশিমা পারমাণবিক প্রকল্পের একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। পরের তিন দিনে বিস্ফোরণ ঘটে আরো তিনটি চুল্লিতে। ফলে ব্যাপক মাত্রায় তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১১৪৭ ঘ.
bdnews24