ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চীনা লেখক বি ফেইয়্যু তার 'থ্রি সিস্টারস' উপন্যাসের জন্য ২০১০ সালের মান এশিয়ান লিটারারী প্রাইজ পেয়েছেন।
বৃহস্পতিবার রাতে হংকংয়ে এশিয়ার মর্যাদাবান এই পুরস্কার ঘোষণা করা হয়।
দি মান এশিয়ান লিটারারী প্রাইজ ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এ নিয়ে তৃতীয় কোনো চীনা লেখক এই পুরস্কারে ভূষিত হলেন।
'থ্রি সিস্টারস' উপন্যাসে তিন বোনের দৃষ্টিতে চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময়কার গ্রামীণ জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
বি ফেইয়্যু চীনের এ সময়কার সবচেয়ে সম্মানীত লেখকদের অন্যতম। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার। তার জন্ম জিয়াংসু প্রদেশের সিংহুয়ায় ১৯৬৪ সালে। নানজিংয়ে একটি পত্রিকায় সাংবাদিকতাও করেছেন তিনি।
বি ফেইয়্যু প্রথমে কবিতা লেখা শুরু করেন। পরে তিনি উপন্যাস লেখায় হাত দেন। তার কয়েকটি উপন্যাস বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার পেয়েছে।
২০০৭ সালে এই মর্যাদাবান সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয়। এর অর্থমূল্য ৩০ হাজার মার্কিন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24