২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের চ্যালেঞ্জ গাদ্দাফির

লিবিয়ার আকাশকে 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা ঘোষণার প্রচেষ্টারত ফ্রান্স ও যুক্তরাজ্যের ওপর বাক আক্রমণ শানিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। আরব লীগ নিয়েও শ্লেষাত্মক মন্তব্য করেছেন লিবীয় নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ত্রিপোলি, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার আকাশকে 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা ঘোষণার প্রচেষ্টারত ফ্রান্স ও যুক্তরাজ্যের ওপর বাক আক্রমণ শানিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি। আরব লীগ নিয়েও শ্লেষাত্মক মন্তব্য করেছেন লিবীয় নেতা। মঙ্গলবার ত্রিপোলির সুরক্ষিত দূর্গ বাব আল-আজিজায় সমর্থকদের উদ্দেশে এক ভাষণে তিনি লিবিয়াবাসীকে অস্ত্র হাতে পশ্চিমা শক্তির সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার আহ্বান জানান। ফ্রান্সকে বিদ্রুপ করে গাদ্দাফি বলেন, "ফ্রান্স এখন মাথা তুলেছে। বলছে, লিবিয়ার ওপর আক্রমণ করবে। লিবিয়াকে আক্রমণ? আমরাই তোমাদের আক্রমণ করব। আমরা তোমাদের আলজেরিয়ায়, ভিয়েতনামে পরাজিত করেছি। তোমরা করবে আমাদের আক্রমণ? এসো, চেষ্টা করে দেখ।" যুক্তরাজ্যকে নিয়ে তিনি বলেন, "কী অধিকার আছে যুক্তরাজ্যের? আমাদের সঙ্গে কি তোমাদের সীমান্ত আছে? আমাদের ওপর মাতবরি করার তোমরা কে?" নিজ দেশকে লিবিয়াবাসী জীবন দিয়ে রক্ষা করবে, বলেন উত্তর আফ্রিকার দেশটির চার দশকের শাসক। লিবিয়ার আকাশকে 'উড্ডয়ন নিষিদ্ধ এলাকা' ঘোষণায় সমর্থন জানানো আরব লীগকে আক্রমণ করে গাদ্দাফি বলেন, আরব লীগ শেষ হয়ে গেছে। ভাষণে তিনি 'উপসাগরীয় সহযোগিতা সংঘ'কে 'উপসাগরীয় অসহযোগিতা সংঘ' বলে অভিহিত করে এটিকেও মৃত সংগঠন বলে উল্লেখ করেন। "আরবের জনগণ বেঁচে থাকবে", এই বলে ভাষণ শেষ করেন গাদ্দাফি। এদিকে গাদ্দাফির বিমান হামলা থেকে বিদ্রোহীদের সুরক্ষা দিতে লিবিয়াকে 'উড্ডয়ন নিষিদ্ধ এলাকা' ঘোষণা নিয়ে পশ্চিমা শক্তিগুলোর বির্তকের সুযোগে গাদ্দাফি অনুগত বাহিনী বিদ্রোহীদের পিছু নিয়ে বেনগাজি শহরের দিকে অগ্রসর হচ্ছে। সরকার আশা করছে, তারা কয়েক দিনের মধ্যেই বেনগাজির নিয়ন্ত্রণ নেবে তারা। বেনগাজি বিদ্রোহীদের সবচেয়ে শক্ত ঘাঁটি। এর পতন হলে বিদ্রোহীদের প্রাথমিক পরাজয় ঘটবে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩৫৫ ঘ.