নয়াদিল্লি, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে ভূমিকম্প, সুনামির কারণে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করলেও ভারত এ ব্যাপারে পরিকল্পনামাফিকই এগুচ্ছে।
জাপানের তেজস্ক্রিয়া সঙ্কট দেখে সুইজারল্যান্ড তিনটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পক্রিয়া স্থগিত করেছে। জার্মানিতে পরমাণু কেন্দ্রগুলো বন্ধ করার দাবি তুলেছে পরিবেশকর্মীরা।
পরমাণু কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানোর চুক্তি আপাতত স্থগিত করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জার্মানির পরমাণু কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিন্তু ভারতে পরমাণু কেন্দ্রগুলোর দ্রুত বিকাশের পরিকল্পনায় পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিদ্যুৎ ঘাটতির অবসান ঘটানোর চেষ্টায় থাকা ভারতে এ সম্ভাবনা নেই বলে মঙ্গলবার জানিয়েছেন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
ভারত তাদের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১৬৪ গিগাওয়াট থেকে বাড়িয়ে ২০১২ সালের মার্চ মাস নাগাদ ১৮৭ গিগাওয়াটে উন্নীত করতে চায়।
ভারতে ৪০ শতাংশেরও বেশি মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা বঞ্চিত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানোটা জরুরি বলে জানিয়েছেন ভারতের আণবিক শক্তি সংস্থার প্রধান শ্রীকুমার ব্যানার্জি।
কিন্তু জাপানে পরমাণু কেন্দ্রে একের পর এক বিস্ফোরণ এবং তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ভারতেও পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে ধীরে চলার ডাক আসতে পারে। যেমন দাবি উঠেছে জার্মানিতে।
জার্মানি ইতোমধ্যেই পরমাণু কেন্দ্রের ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তাইওয়ানও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কমানোর চিন্তা ভাবনা করছে।
তবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এসবের তোয়াক্কা না করে বলছেন, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পরমাণু বিদ্যুৎ কর্মসূচি ঠিক পথেই চলছে।
ভারত সরকার ইতোমধ্যেই দেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থার জরুরি কারিগরি পর্যালোচনার জন্য আণবিক শক্তি সংস্থাকে নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৩ ঘ.
bdnews24