২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নো ফ্লাই জোন: জি-এইট এর সমর্থন পেলো না ফ্রান্স

লিবিয়ার আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার জন্য মঙ্গলবার জি-এইট পররাষ্ট্রমন্ত্রীদের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

প্যারিস, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার জন্য মঙ্গলবার জি-এইট পররাষ্ট্রমন্ত্রীদের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে ফ্রান্স। এতে করে লিবিয়ায় বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে গাদ্দাফি বাহিনীর অগ্রযাত্রার রাশ টেনে ধরতে আশু কোনো ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা মুখ থুবড়ে পড়েছে। প্যারিসে সোমবার থেকে শুরু হওয়া জি-এইট সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লিবিয়াকে নো ফ্লাই জোন ঘোষণার পদক্ষেপে একমত পোষণ করবে এটাই ছিলো ফ্রান্সের প্রত্যাশা। আরব লীগ ইতোমধ্যেই নো ফ্লাই জোন সমর্থন করেছে। ফলে জি-এইট বৈঠকেও এ ব্যাপারে মতৈক্যের জন্য ফ্রান্স জোর চেষ্টা চালানোর সংকল্প নিয়েছিলো। কিন্তু জি-এইট বৈঠকের চূড়ান্ত ইশতেহার লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের কোনো কথাই উল্লেখ নেই। এতে কেবল বলা হয়েছে, লিবিয়ার শাসক গাদ্দাফি জনগণের অধিকারকে উপেক্ষা করলে 'মারাত্মক পরিণতি' ভোগ করবে। মঙ্গলবারের আলোচনায় ফ্রান্স এবং ব্রিটেনের নো ফ্লাই জোন আরোপের প্রস্তাবে বাধ সেধেছে রাশিয়া ও জার্মানি। বৈঠকে অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিনিধি রয়টার্সকে একথা জানান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিদো ভেস্টারভেলে সাংবাদিকদের বলেন, "সামরিক হস্তক্ষেপ সমস্যার কোনো সমাধান নয়। আমাদের দৃষ্টিকোণ থেকে এটি খুবই কঠিন এবং বিপজ্জনক।" তিনি বলেন, "আমরা উত্তর আফ্রিকায় যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না। তাছাড়া, এমন কোনো পিচ্ছিল পথে পা বাড়াতে চাই না যে পথে শেষ পর্যন্ত আমরা সবাই যুদ্ধের অতলে তলিয়ে যাব।" ওদিকে, রাশিয়া বলেছে, নো ফ্লাই জোন আরোপের বিষয়টি নিয়ে তাদেরও কিছু প্রশ্ন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৭ ঘ.