সিউল, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া মঙ্গলবার ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে। এতে করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছয়জাতি আলোচনা নতুন করে শুরু হওয়ার পথে একটি বাধা দূর হলো।
পিয়ংইয়ং দু বছর আগে ছয়জাতি পরমাণু আলোচনা থেকে সরে আসে। পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আলোচনা থেকে বেরিয়ে গিয়েছিলো পিয়ংইয়ং।
এখন আবার আলোচনায় ফেরার আগ্রহ প্রকাশ করে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা কোনো পূর্বশর্ত ছাড়াই ছয়জাতি আলোচনায় ফিরতে প্রস্তুত এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কথা বলতেও আমাদের আপত্তি নেই।
পিয়ংইয়ং এ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ওই মুখপাত্র একথা বলেন। উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
ওয়াশিংটন এবং দক্ষিণ কোরিয়া বরাবরই উত্তর কোরিয়াকে তাদের ইউরেনিয়াম কর্মসূচি সম্পর্কে পরিস্কার করে জানানোর দাবি জানিয়ে আসছে।
গত নভেম্বরে উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে বড় ধরনের অগ্রগতির কথা জানিয়ে বিশ্বকে হতবাক করে দেয়। সে সময়ই উত্তর কোরিয়ায় প্লুটোনিয়ামের পাশাপাশি ইউরেনিয়াম কর্মসূচির বিষয়টিও সবার নজরে আসে।
উত্তর কোরিয়া এ কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ কর্মসূচি যাচাই করে দেখার আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪২ ঘ.
bdnews24