সানা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ এর পদত্যাগের দাবিতে সোমবার দেশজুড়ে বিক্ষোভে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। উত্তরাঞ্চলে নিহত হয়েছে তিন সেনা।
সালেহ এর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে ইয়েমেনে এ বিক্ষোভ চলছে। সরকার বিরোধী এবং সরকারপন্থি দুপক্ষেরই পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলে সহিংসতা কেবলই বাড়ছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, সোমবার উত্তরাঞ্চলের সৌদি আরব সীমান্তবর্তী আল জাওয়াফ প্রদেশে সংঘর্ষে তিন সেনা ও এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে।
গত শনিবার থেকে এ পর্যন্ত বিক্ষোভে ৭ বিক্ষোভকারী ও তিন সেনা নিহত হলো। এ নিয়ে বিক্ষোভ শুরুর পর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
যুক্তরাষ্ট্র এ রক্তক্ষয়ের নিন্দা জানিয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এও বলেছে যে, কেবল আলোচনাই এ রাজনৈতিক সঙ্কটের অবসান ঘটাতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24