টোকিও, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে জাপানিরা। ভূমিকম্পের পর একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি কেন্দ্র থেকেই তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ ঘটছে। ওই এলাকা থেকে প্রায় পৌনে ২ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্ব উপকূল। ওই উপকূলেই রয়েছে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পের ডাইচি ও ডাইনি কেন্দ্র দুটিতে ভূমিকম্পের পরপরই সমস্যা দেখা দেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলার শিকার হয়েছিলো জাপান, যার ক্ষত এখনো তাড়িয়ে বেড়ায় জাপানিদের। এবার তাদের ঝুঁকিতে ফেলেছে প্রাকৃতিক দুর্যোগ।
কর্তৃপক্ষ শনিবার খুব বেশি আশঙ্কার কথা প্রকাশ না করলেও রোববার জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োকিয়ো এদানো বলেন, "অন্তত একটি চুল্লীতে বিক্রিয়া ঘটছে বলে আমরা মনে করছি।"
ডাইচি কেন্দ্রটিতে বিক্রিয়া ঘটায় তেজস্ক্রিয় বিকিরণের শঙ্কা দেখা দিয়েছে। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন এদানো।
টোকিওর ২৪০ কিলোমিটার উত্তরে ফুকুশিমা প্রকল্পের ৪০ বছরের পুরনো ডাইচি-১ চুল্লীতে ভূমিকম্পের পর বিস্ফোরণও ঘটে। যাতে কয়েকজন কর্মী আহত হন।
এ দুটি কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে টোকিও ইলেকট্রিক অপারেটর (টেপকো)। তারা বলছে, যে মাত্রায় তেজস্ক্রিয়তার নিঃসরণ ঘটছে, তা খুবই সীমিত। এটা জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি নয়।
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হলে পরমাণু চুল্লীগুলোতে কাজ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তবে জাপানের কেন্দ্র দুটিতে শীতক যন্ত্র বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। শীতক যন্ত্র সচল করতে বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ করতে হয়। ভূমিকম্পের কারণে তাতে ব্যাঘাত ঘটনায়ই এই বিপর্যয়ের কারণ।
চুল্লীতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সেখানে তেজস্ক্রিয় পদার্থের বিক্রিয়া ঘটছে। যা থেকে বিভিন্ন ধরনের গ্যাস সৃষ্টি হলে ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব এদানো বলেন, "আমরা দুটি কাজ করছি। একটি হলে, চুল্লীতে জমা হওয়া গ্যাস বন্ধ করে দেওয়া; অন্যটি হলো, চুল্লীতে পানি ঢালা। যে মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে, তা খুব বেশি শঙ্কাজনক নয়।"
"আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনস্বাস্থ্যের ঝুঁকি প্রশমন", বলেন তিনি।
পরমাণু প্রকল্পের চার পাশে ২০ কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, রোববার পর্যন্ত ১ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
জাপানি কর্তৃপক্ষ শঙ্কার কথা উড়িয়ে দিলেও বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি এখনো রয়েছে। তবে তেজস্ক্রিয়তা ছাড়ানো প্রতিরোধে জাপানের তৎপরতার প্রশংসা করেছেন তারা।
ভূমিকম্পের পরপরই ওই প্রকল্প এলাকায় জরুরি অবস্থা জারি করে জাপান সরকার।
জাপানে প্রায় দেড়শ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে নিহত ও নিখোঁজের সংখ্যা ১৮শতে পৌঁছেছে বলে সরকারি সংবাদ সংস্থা কিয়োডো জানিয়েছে।
জাপানের পারমাণবিক শক্তি প্রকল্পের এ ঘটনাকে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ডের পারমাণবিক প্রকল্পের দুর্ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, থ্রি মাইল আইল্যান্ডের তুলনায় এর জটিলতা অনেক কম।
টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওতো সেকিমুরা রয়টার্সকে বলেন, "চেরনোবিলের মতো কোনো পরিস্থিতি তৈরির আশঙ্কা নেই।"
১৯৮৬ সালের ২৬ এপ্রিল রাশিয়ার (বর্তমান ইউক্রেনে) চেরনোবিলে পরমাণু স্থাপনায় দুর্ঘটনার কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েল অন্তত ৪ হাজার মানুষ মারা যায়।
ভূমিকম্পের পর কয়েকটি পারমাণবিক প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় জাপানের ১৮ শতাংশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। জাপানের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৩০ শতাংশ চাহিদা মেটায় পারমাণবিক শক্তি।
জাপানের পারমাণবিক প্রকল্পগুলোর অনেকগুলোই ভূমিকম্পপ্রবণ ফুকুশিমা ও ফুকুই উপকূলীয় অঞ্চলে অবস্থিত। আইএইএ জানিয়েছে, পৃথিবীর প্রায় ২০ শতাংশ পারমাণবিক শক্তি প্রকল্প ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪৫ ঘ.
bdnews24