ত্রিপোলি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষমতা ছাড়তে মুয়াম্মার গাদ্দাফির ওপর বাড়তে থাকা কূটনৈতিক চাপ উপেক্ষা করেই জোর হামলা চলছে লিবিয়ায়। বিদ্রোহীদের ওপর হামলা আরো জোরদার করেছে গাদ্দাফির সেনারা।
বিদ্রোহীদের মূল কেন্দ্র বন্দর শহর রাস লানুফে হামলা জোরদার হয়েছে। ক্ষেপণাস্ত্র ও কামান দিয়ে হামলা চালানো হয়েছে রাস লানুফ এবং ব্রেগায়।
বিদ্রোহীদের দখলে থাকা পূর্বাঞ্চলে যুদ্ধবিমান ও ট্যাঙ্ক হামলা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই।
এরই মধ্যে গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলাম ত্রিপোলিতে এক সাক্ষাৎকারে বলেছেন, "এখন স্বাধীনতার সময়। কাজে নামার সময়। তাদেরকে সমঝোতার জন্য দুই সপ্তাহ দেওয়া হয়েছিলো। এখন সময় শেষ।"
তিনি আরো বলেন, লিবিয়া কখনোই আত্মসমর্পণ করবে না। বিদেশিরা হস্তক্ষেপ করলেও লিবিয়া বিদ্রোহীদের পরাজিত করবে।
তিনি বলেন, এটি আমাদের দেশ। আমরা কখনোই হার মানবো না। আত্মসমর্পণ করবো না। লিবিয়ার জনগণ কখনো ন্যাটোকে স্বাগত জানাবে না। আমরা কখনোই আমেরিকাকে এখানে স্বাগত জানাবো না।
লিবিয়ার জাতীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার আরেক তেলসমৃদ্ধ শহর এস সিদরের বন্দর ও বিমানবন্দর থেকে বিদ্রোহীদের বিতাড়িত করা হয়েছে।
ত্রিপোলির কাছাকাছি পশ্চিমের শহর জাউইয়াতেও বিদ্রোহীদের প্রতিহত করছে গাদ্দাফির বাহিনী। শহরটির দখল বারবার হাত বদল হচ্ছে, সেইসঙ্গে নারী ও শিশুসহ মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে শহরের বাসিন্দারা।
বিদ্রোহীদের বিরুদ্ধে গাদ্দাফির বাহিনীর শক্তি ক্রমেই বাড়ছে। তবে বিদ্রোহীদের কূটনৈতিক সাহায্যের আশ্বাস দিয়েছে বিভিন্ন দেশের সরকার।
অস্ত্রশক্তিতে দুর্বল বিদ্রোহীরা স্বীকার করেছে যে গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে তাদের যথেষ্ট কষ্ট করতে হচ্ছে।
ভূমধ্যসাগরীয় আরব দেশগুলো ইতিমধ্যেই গাদ্দাফিকে অবৈধ ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়ন সদস্য ফ্রান্স ও ব্রিটেন যৌথভাবে বেনগাজিতে বিদ্রোহীদের ঘাঁটিকে অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে বহু বৈঠকের পরেও বিদেশি সরকারগুলো গাদ্দাফির লাগাম টেনে ধরার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে একমত হতে পারেনি। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো প্রধান আন্তর্জাতিক অনুমোদন ছাড়া লিবিয়াকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করার যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তবে রিয়াদে ভূমধ্যসাগরীয় আরব দেশগুলো লিবিয়াকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করা এবং দেশটিতে রক্তপাত বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আরব লীগকে আহ্বান জানিয়েছে।
ওয়াশিংটনে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেমস ক্ল্যাপার বলেন, গাদ্দাফি এ দফায় বেশ জোরের সঙ্গেই টিকে আছেন, এবং মনে হচ্ছে তিনি টিকে থাকবেন।
গাদ্দাফির ৪১ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে বিদ্রোহকারীদের জঙ্গি ও অস্ত্রধারী অপরাধী বলে মন্তব্য করেছেন গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলাম। লিবিয়ার হাজার হাজার স্বেচ্ছাসেবী তাদের বিরুদ্ধে লড়ছে বলেও জানান তিনি।
তবে সাক্ষাৎকারে গণতন্ত্রের জন্য নিজের আকাঙ্খার কথাও বলেন তিনি।
তিনি বলেন, আমরা নতুন অবকাঠামো, নতুন ব্যবস্থা, নতুন পার্লামেন্ট, নতুন সরকার চাই। ইতিমধ্যেই আমরা খসড়া তৈরি করেছি।
জেনেভায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলছে, লিবিয়া গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশটির পূর্বাঞ্চলের হাসপাতালগুলোতে আহত বেসামরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭২৭ ঘ.
bdnews24