ত্রিপোলি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এর মধ্যে দেশটির আকাশপথকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণা নিয়ে বৃহস্পতিবার দুই দিনের বৈঠক শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো।
বুধবার ইব্রাহিম নামের বিদ্রোহী বাহিনীর এক সদস্য টেলিফোনে রয়টার্সকে জানান, সন্ধ্যায় গাদ্দাফি অনুগত বাহিনীকে হঠিয়ে রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় শহর জাউইয়ায় আবারো নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।
তিনি বলেন, "আল্লাহর রহমতে আমরা এখন শহরের প্রধান চত্বরে বসে আছি।"
"এটা এখন আমাদের বাঁচা-মরার লড়াই। লড়াই ছাড়া আমাদের কোনো বিকল্প নেই", বলেন তিনি।
বুধবার সকালে শহরটির এক চিকিৎসক বলেন, সহিংসতায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। সে সময় নিরাপত্তা বাহিনীর আক্রমণে বিদ্রোহীরা পিছু হটে বলেও জানান তিনি।
আল জাজিরা টেলিভিশন জানায়, জাউইয়া শহরে সংঘর্ষে গাদ্দাফি অনুগত বাহিনীর একজন জেনারেল ও একজন কর্নেলসহ বেশ কয়েকজন নিহত হয়।
ন্যাটোর মহাসচিব অ্যান্ড্রেস ফগ রাসমুসেন স্কাই নিউজকে বলেন, "ন্যাটো লিবিয়ায় অভিযানের চিন্তা করছে না। তবে সম্ভাব্য সব পদক্ষেপের জন্য পরিকল্পনা প্রণয়নে আমাদের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছি।"
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকের পাশাপাশি উত্তর আফ্রিকার দেশগুলোর জোট নেতাদের সঙ্গেও লিবিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
পেন্টাগন বলেছে, লিবিয়ায় 'নে ফ্লাই জোন'সহ সর্বাত্মক সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে তারা।
ইতালি বলেছে, লিবিয়া বিষয়ে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইতোমধ্যেই স্পষ্ট করেছেন, লিবিয়ায় 'নো ফ্লাই জোন' আরোপ সম্পূর্ণভাবে জাতিসংঘের ব্যাপার এবং তা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হবে না। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এ বিষয়ে এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
লিবিয়ার পূর্বাঞ্চলেও নিয়ন্ত্রণ ফিরে পেতে বিমান থেকে বোমা ফেলা ও কামানের গোলা ছোড়া অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। তাদের হামলায় টিকতে না পেয়ে পূর্বাঞ্চলীয় শহর বিন জাওয়াদ থেকে পিছু হঠেছে বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এমআই/১৬০০ ঘ.
bdnews24