লিবিয়া, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- লিবিয়ায় অস্থির পরিস্থিতির জন্য বিদেশি ইন্ধনকে দায়ী করেছেন শাসক মুয়াম্মার গাদ্দাফি। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে গাদ্দাফি এ দোষারোপ করেন।
লিবিয়ায় বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করার জন্য ইউরোপীয় দেশগুলোর সরকার এবং আল-কায়েদাকে দায়ী করেন তিনি।
ত্রিপোলিতে জেনটান আদিবাসী সদস্যদের উদ্দেশ্যে ভাষণে গাদ্দাফি দেশের পরিস্থিতির জন্য নতুন করে বিদেশিদের ঘাড়ে দায় চাপান।
তিনি বলেন, "আফগানিস্তান, আলজেরিয়া, মিশর এবং ফিলিস্তিন থেকে ছোট একটি দল বিভিন্ন শহরে ঢুকেছে। জেনটান, জাউইয়া এবং বেনগাজিতে ঢুকেছে তারা। তারপর কি হয়েছে? তারা ২০ বছরের নীচের তরুণ-যুবকদের দলে ভিড়িয়েছে। যাদের ওপর আইনও প্রয়োগ করা যায় না।"
গাদ্দাফির এ ভাষণের সময় তার পক্ষে স্লোগান দেয় উপস্থিত জনতা। ত্রিপোলিতে গাদ্দাফির অবস্থান শক্তিশালী। সেখানে তার জোরালো সমর্থন আছে।
কিন্তু দেশের পূর্বের বেনগাজি শহর বিদ্রোহীদের হাতে থাকায় সেখানে তিনি তীব্র বিরোধীতার সম্মুখীন।
ফলে বেনগাজি পুনর্দখলের জন্য গাদ্দাফি তার সমর্থকদের আহ্বান জানান। তিনি বলেন, কেবলমাত্র দুর্বলচিত্তরাই বিরোধীদের টোপ গিলেছে।
ওদিকে, লিবিয়াকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার বিরুদ্ধেও লড়ার হুমকি দিয়েছেন গাদ্দাফি।
বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের 'টিআরটি' টিভিতে এক সাক্ষাৎকারে গাদ্দাফি বলেছেন, পশ্চিমা বিশ্ব কিংবা জাতিসংঘ নো ফ্লাই জোন চাপিয়ে দিলে তার লোকজন এর বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেবে।
এই জোন চাপানোর মধ্য দিয়ে পশ্চিমাদের লিবিয়ার মাটি দখলের দুরভিসন্ধিই প্রকাশ পাবে বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৮ ঘ.
bdnews24