সানা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ-এর বিরুদ্ধে বিক্ষোভে গুলিতে ৬৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্রে একথা জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাদা পোশাক পরিহিত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মঙ্গলবার সানা বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েক সপ্তাহ ধরে অবস্থান নেওয়া হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে নতুন করে আরো লোকজনের যোগদান ঠেকাতে গুলি চালায়।
তবে সরকারি সংবাদ সংস্থা সাবা এক আদিবাসী নেতার বন্দুকধারীরা এ গুলি চালিয়েছে বলে দোষারোপ করেছে। এ ঘটনায় তিনজন বিক্ষোভকারী এবং তিনজন পুলিশ আহত হয়েছে বলে জানায় তারা।
ইয়েমেনে সালেহ-এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ক্রমেই তীব্রতর হচ্ছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। সালেহ এর রাজনৈতিক শক্তির প্রাণকেন্দ্র ধামারেও প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/১৯১৯ ঘ.
bdnews24