২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় নতুন মন্ত্রিসভা ঘোষণা

তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসন সোমবার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

তিউনিস, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসন সোমবার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে। একইসঙ্গে পলাতক স্বৈরশাসক জিনে আল-আবিদিনে বেন আলীর সময় নেওয়া বেশ কিছু কড়াকড়িও তুলে নেওয়া হয়েছে। গণবিক্ষোভকারীদের সমর্থন পেতে দেশটির বর্তমান কর্তৃপক্ষ ২৩ বছরের স্বৈরশাসক বেন আলীর সমস্ত চিহ্ন মুছে ফেলার কাজে নেমেছে। নতুন সরকারের মন্ত্রিসভায় তাই স্থান হয়নি বেন আলী সরকারে দায়িত্বে থাকা কোনো রাজনীতিবিদেরই। সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর প্রধানমন্ত্রী বেজি কাইদ বলেন, "জনগণের দাবি অনুযায়ী এ সরকার গঠন করা হয়েছে। সংবিধান অনুসারে নির্বাচনের আগ পর্যন্ত এ মন্ত্রিসভা দায়িত্বে থাকবে এবং দেশের সঙ্কটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করবে।" মন্ত্রিসভা ঘোষণার পরপরই বের আলীর শাসনামলে জারি করা কড়াকড়ি এবং কুখ্যাত গুপ্ত পুলিশ বাহিনী বাতিলের ঘোষণা করেন বেজি কাইদ। এটি ছিল বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি। প্রধানমন্ত্রী বলেন, "এখন থেকে আমরা যেসব সিদ্ধান্ত নেবো, তা জনগণের দাবি অনুযায়ীই নেওয়া হবে।" গত বছরের ১৭ ডিসেম্বর তিউনিসিয়িায় গণ বিক্ষোভ শুরুর পর ১৪ জানুয়ারি সৌদি আরবে পালিয়ে যান ২৩ বছরের স্বৈরশাসক বেন আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১২৫১ ঘ.