কাবুল, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই রোরবার বলেছেন, বিদেশি বাহিনীর হাতে বেসামরিক নাগরিক হত্যা আর মেনে নেওয়া যায় না। আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর কমান্ডার ডেভিড পেত্রাউস এর জন্য ক্ষমা চাইলেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
পেত্রাউসের উপস্থিতিতে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে কারজাই বলেন, বিদেশি বাহিনীর হাতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা আফগান সরকার এবং জনগণ আর মেনে নিতে পারে না।
ওই বৈঠকে পেত্রাউস গত মঙ্গলবার আফগানিস্তানের কুনার প্রদেশে ন্যাটোর হেলিকপ্টার হামলায় ৯ শিশুর মৃত্যুর জন্য ক্ষমা চান। ভুলের কারণে এ ঘটনা ঘটেছে এবং এর আর কোনো পুনরাবৃত্তি হবে না বলে জানান তিনি।
কিন্তু কারজাই বলেন, পেত্রাউসের এ ক্ষমা প্রার্থনাই যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মূলে রয়েছে বেসামরিক নাগরিক হতাহতের এ ঘটনা, বলেন তিনি।
কারজাই বলেন, আফগানিস্তানের জনগণ এতো ভয়াবহ ঘটনার শিকার হচ্ছে যে কেবল এর নিন্দা জানিয়ে বা ক্ষমা চেয়ে এ ক্ষত সারানো যাবে না।
কারজাইয়ের এ বিবৃতির আগে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে কাবুলের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছে শত শত মানুষ। 'আমেরিকা নিপাত যাক' বলে স্লোগান দেয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৩ ঘ.
bdnews24