সানা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-২০১৩ সালে মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছাড়তে রাজি নয় ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ।
শনিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবেন প্রেসিডেন্ট।
বিক্ষোভকারীদের নেতা মোহাম্মেদ আল-মুতাওয়াকিল শুক্রবার বলেন, "পদত্যাগের প্রস্তাব প্রত্যাখান করেছেন প্রেসিডেন্ট।"
সরকারের আহ্বানে তুলে ধরা সমঝোতা প্রস্তাবে এ বছর প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, এ বছর ক্ষমতা ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ধর্মীয় নেতাদের প্রস্তাব অনুযায়ী নির্বাচন, পার্লামেন্ট ও বিচার ব্যবস্থার সংস্কারে রাজি হয়েছেন সালেহ।
ইয়েমেনের তিন দশকের শাসক সালেহ'র পদত্যাগ দাবিতে শুক্রবার ইয়েমেন জুড়ে বিক্ষোভ করে কয়েক লাখ মানুষ।
গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আবিদিনে বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যাওয়ার পর জানুয়ারির শেষ দিকে ইয়েমেনেও সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/২০৩৮ ঘ.
bdnews24