২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত ৪৭

লিবিয়ার বেনগাজি ও জাউইয়া শহরে বিস্ফোরণ ও গোলাগুলিতে কমপক্ষে ৪৭ জনের প্রাণহানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার বেনগাজি ও জাউইয়া শহরে বিস্ফোরণ ও গোলাগুলিতে কমপক্ষে ৪৭ জনের প্রাণহানি হয়েছে। আল জাজিরা জানায়, গাদ্দাফি অনুগত বাহিনী বিদ্রোহীদের দখলে থাকা অজ জাউইয়া শহর নিয়ন্ত্রণে নিতে গেলে গোলাগুলি ও সহিংসতায় কমপক্ষে ৩০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। শহরটি রাজধানী ত্রিপোলির কাছাকাছি। রাজধানীর সবচেয়ে কাছাকাছি অঞ্চল অজ জাউইয়া যেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এটি একটি তেলশোধন অঞ্চলও বটে। লিবীয় কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে এটি প্রমাণে মরিয়া হয়ে লড়াই চালালে এই হতাহতের ঘটনা ঘটে। অজ জাউইয়ার অধিবাসী মোহাম্মদ রয়টার্সকে জানান, শহরটিতে সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত ও তারও বেশি আহত হয়েছে। তিনি বলেন, "আমরা ৩০ জন সাধারণ নাগরিকে মৃতদেহ গুণতে পেরেছি। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই।" অপর এক অধিবাসী মোহাম্মদ নুসরাত আল জাজিরাকে বলেন, "গাদ্দাফি অনুগত বাহিনী আমাদের অজ জাউইয়ার কেন্দ্রীয় চত্বরে যেতে বাধা দেয়। সেখানে আরো অনেকে অবস্থান করছিল। আমার তাদের সঙ্গে যোগ দিতে চেয়েছিলাম। গাদ্দাফির বাহিনী আমাদের ওপর ভারি অস্ত্র-শস্ত্র ও মেশিনগান দিয়ে হামলা চালায়।" তিনি আরো বলেন, "অজ জাউইয়া'র অধিকাংশ এখন বিদ্রোহীদের দখলে। শুধু তেল শোধনাগার ও কিছু প্রবেশ পথ এখনো গাদ্দাফির বাহিনী পাহারা দিচ্ছে।" শুক্রবারের ওই ঘটনায় অজ জাউইয়ায় একজন বিদ্রোহী নেতাও মারা গেছেন বলে জানা যায়। ইউসুফ সাগান নামে বিদ্রোহীদের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "হারশাহয় অনেক মানুষ মারা গেছে। তারা (গাদ্দাফি অনুগত বাহিনী) সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে। আমরা এখনো (অজ জাউইয়া) কেন্দ্রীয় চত্বর দখলে রেখেছি।। তারা আমাদের থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে। আমাদের সেনা কমান্ডার হারশাহ তে নিহত হয়েছেন। আমরা নতুন একজনকে নির্বাচন করেছি।" শুক্রবার রাতের শেষভাগে ওই শহরের অধিবাসীরা জানায়, গাদ্দাফির বাহিনী পুরো শহর ঘিরে রেখেছে। রয়টার্সকে টেলিফোনে আলি নামে এক অধিবাসী বলেন, "আমরা আটকে আছি। পূর্ব-পশ্চিম-দক্ষিণ দিক থেকে আমাদের ঘিরে রাখা হয়েছে। শুধু উত্তর দিক খোলা কেননা সেদিকে সমুদ্র। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অন্ধকারে। সম্ভবত তারা হামলার ফন্দি আঁটছে। অন্যদিকে, লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিকে ঘিরে দেশটির পূর্বাঞ্চল সম্পূর্ণতই বিদ্রোহীদের দখলে। শুক্রবার সন্ধ্যায় বেনগাজিতে একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটলে অন্ততপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটে। তবে ঠিক কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। বিবিসি জানায়, এই বিস্ফোরণে নিহত হয়েছে ১৭ জন। হাসপাতালসূত্র জানাচ্ছে, গুদাম থেকে অস্ত্র সংগ্রহ করতে গেলে দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটে। অন্যদিকে এই ঘটনার জন্য গাদ্দাফি অনুগত বাহিনীর হামলাকে দায়ী করছে অপর একটি পক্ষ। হওয়ারি হাসপাতালের চিকিৎসক ইদ্রিস গাজ্জালি বলেন, "সন্ধ্যা ৬.৩০ মিনিটের (লিবীয় সময়) দিকে দু'টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার ঠিক ঘণ্টাখানেক পর থেকে হাসপাতালে হতাহতদের নিয়ে আসা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ ঘ.