ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমাজন নদীতে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের উচ্চ আদালত।
এরফলে গত সপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিু আদালতের স্থগিতাদেশ কার্যকারিতা হারালো বলে বিবিসি জানায়।
পরিবেশের বিপর্যয়রোধে শর্তাবলী পূরণ না হওয়ার কারণে বেলো মন্টে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প নিু আদালতে স্থগিত করা হয়।
কিন্তু উচ্চ আদালত বৃহস্পতিবার তার রায়ে জানায়, প্রকল্পের কাজ শুরু করতে সব শর্ত পূরণের বাধ্যবাধকতা নেই।
ব্রাজিলের বিদ্যুৎ চাহিদা পূরণে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের যে পরিকল্পনা তা বাস্তবায়নে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে আমাজন নদীতে এই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পটি শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়।
চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন ও সঙ্গীত শিল্পী স্টিং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় এর বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন।
১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম এটি হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এটি ব্রাজিল ও প্যারাগুয়ে যৌথভাবে বাস্তবায়ন করবে।
প্রকল্পটি বাস্তবায়নে আমাজন নদীতে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ দেওয়া হবে। এর ফলে ৫শ' বর্গকিলোমিটার অঞ্চল বন্যাকবলিত হবে, বাস্তুচ্যুত হবে ৫০ হাজার মানুষ।
পরিবেশবিদদের বক্তব্য হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে আমাজন নদীকে ঘিরে গড়ে ওঠা বিশ্বের অন্যতম বৃহৎ বনভূমি ক্ষতিগ্রস্ত হবে।
আদিবাসীরা বলছে, এই প্রকল্প তাদের নদী, বনভূমি, জীবনযাত্রা এবং জীবিকা ধ্বংস করে দেবে।
বেলো মন্টে প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ১০ বিলিয়ন মার্কিন ডলার।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে ২ কোটি ৩০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। পাশাপাশি অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৪ ঘ.
bdnews24