কেপ কানাভেরাল, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাশূন্যযান ডিসকভারির শেষ মিশনে দু'জন নভোচারী বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে মহাশূন্যে ভেসে বেড়িয়েছেন। মহাকাশ স্টেশনটির বাইরের অংশে টুকাটাকি অনেকগুলো কাজও সম্পন্ন করেছেন তারা।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে ৩৯তম মিশনে রয়েছে ডিসকভারি। আট দিনের এ অভিযানে দুবার মহাশূন্যে পায়চারির পরিকল্পনা করা হয়। বুধবার নভোচারী স্টেফেন বোয়েন ও আলভিন ড্রিউ পরিকল্পনামাফিক ২য় বারের মতো শেষ পায়চারি করে নেন।
মহাকাশে বোয়েন ও ড্রিউ ছয় ঘণ্টা পায়চারি করেন। এসময় তারা একটি নষ্ট পাম্প মডিউল থেকে অ্যামোনিয়া নিঃসরণ করেন এবং মহাকাশ স্টেশনের ইউরোপীয় অংশ কলম্বাস মডিউল থেকে কিছু যন্ত্রাংশ অপসারণ করেন। এছাড়া শিডিউল অনুযায়ী অন্য আরো কিছু কাজও করেন তারা।
বোয়েনের মহাকাশ স্যুটে ছোটখাট একটি সমস্যার কারণে এই জুটির কাজ শুরু করতে দেরী হয়। তবে সঙ্গী নভোচারীরা দ্রুতই সমস্যাটি মিটিয়ে ফেলেন।
মহাশূন্যে হাঁটার শেষদিকে নভোচারী ড্রিউর মহাকাশ স্যুটের হেলমেট লাইট খসে গেলে পৃথিবীতে থাকা নিয়ন্ত্রণকারীরা তাকে মহাকাশ স্টেশনে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে বোয়েন চেষ্টা করেও লাইটটি লাগাতে পারেন নি।
শনিবার ছয় জন নভোচারি নিয়ে মহাশূন্যযান ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে পৌঁছায়।
মহাকাশ স্টেশনে আট দিন থাকা ছাড়াও আসা-যাওয়া নিয়ে মোট বারো দিনের মিশনের মূলকাজ তারা ইতিমধ্যেই শেষ করেছেন। এরমধ্যে স্পেয়ার পার্টস রাখার জন্য একটি বাড়তি স্টোরেজ প্লাটফর্ম স্থাপনের কাজ শেষ হয়েছে শনিবারই।
মঙ্গলবার মহাকাশ স্টেশনটির যুক্তরাষ্ট্রীয় অংশে একটি মিশ্র স্টোরেজ রুম ও একটি ক্ষুদ্র গবেষণাগার স্থাপন করেন নভোচারীরা।
পৃথিবীর ১৬টি দেশের ১০ হাজার কোটি টাকার প্রকল্প এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি গত ১২ বছর যাবৎ পৃথিবীর ৩৫০কি:মি: উপরে স্থাপন করা হচ্ছে।
মহাকাশযান ডিসকভারি মার্কিন মহকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সবচেয়ে পুরনো মহাকাশযান।
আগামী সপ্তাহে এটি মহাকাশ মিশন শেষ করে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ফিরে আসবে।
তারপর এটি চলে যাবে ওয়াশিংটন ডিসির 'স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউজিয়ামে', শোভা পাবে জাদুঘরে। মহাকাশ অভিযান অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে নাসা শাটল কর্মসূচি বন্ধ করে দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১৭
bdnews24