বেনগাজি, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার পূর্বাঞ্চলে গাদ্দাফি বাহিনী আর বিদ্রোহী বাহিনীর জোর লড়াইয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গাদ্দাফি বাহিনী ব্রেগা শহর পুনর্দখলের পর বিদ্রোহীরা আবার তা দখলে নেওয়ার দাবি করেছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের দখল নিতে বুধবার ওই অঞ্চলে জোরালো অভিযান শুরু করেছে গাদ্দাফি বাহিনী। বিমান থেকে বোমা হামলা চালিয়ে ব্রেগা শহর এবং ওই শহরের একটি তেল স্থাপনা দখল করেছে তারা।
তেলকেন্দ্রের ম্যনেজার ভোরে জানান, তারা কোনো শক্তি প্রয়োগ না করেই স্থাপনাটি দখল করেছেন। কিন্তু বিদ্রোহী বাহিনী পরে জানায়, তারা আবার তেলকেন্দ্রের দখল নিয়েছে।
গাদ্দাফি বিরোধী বাহিনীর কর্মকর্তারা জানান, সরকারি সেনারা স্বল্প সময়ের জন্য তেল রপ্তানিকেন্দ্র মার্সা আল ব্রেগার দখল নিয়েছিলো। পরে বিদ্রোহীরা আবার তাদের হটিয়ে দিয়েছে।
অন্যদিকে, গাদ্দাফি বাহিনীর ব্রেগা শহর পুনর্দখল সম্পর্কে বিদ্রোহী বাহিনীর মুখপাত্র মুস্তফা গেরিয়ানি বলেন, তারা শহরটি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শহরটি আবার বিপ্লবীদের হাতে চলে এসেছে।
ব্রেগা ছাড়াও কাছাকাছি আজদাবিয়া শহরে বোমা হামলা চালিয়েছে গাদ্দাফির অনুগত বাহিনী।
এ হামলার মুখে বিদেশি সাহায্য চাওয়ার হুঁশিয়ারি দিয়েছে গাদ্দাফি-বিরোধী বিদ্রোহী বাহিনী। গাদ্দাফির ইতি ঘটাতে বিদেশের শসস্ত্র বাহিনীর প্রয়োজন পড়বে বলে জানিয়েছে তারা।
বিদ্রোহী বাহিনীর মুখপাত্র মুস্তফা বলেন, "আমরা বিদেশের সাহায্য চাইবো। গাদ্দাফির ইতি ঘটাতে কৌশলগত কয়েকটি অবস্থানে বিমান হামলা চালানোর অনুরোধ জানাব আমরা।"
ওদিকে, গাদ্দাফি রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে পশ্চিমা বিশ্বকে লিবিয়ায় হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এর ফলে রক্তাক্ত লড়াই শুরু হবে। প্রাণ হারাবে হাজার হাজার মানুষ।
তিনি বলেন, লিবিয়ার ক্ষমতায় যে রয়েছে জনগণ পশ্চিমা বিশ্ব তা বুঝতে পারেনি। জনগণ ছাড়া অন্যকেউ লিবিয়া শাসন করছে বলে যারা সন্দেহ করে আমি তাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিতে চাই।
লিবিয়ায় বিশৃঙ্খল পরিস্থিতির জন্য গাদ্দাফি তার ভাষণে পশ্চিমা বিশ্ব এবং আল কায়েদাকে দায়ী করেন। লিবিয়া দখল করে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
"লিবিয়ার তেল আর মাটি দখল করে আবারো দেশটিকে কলোনিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে," বলেন গাদ্দাফি।
গাদ্দাফির অনড় অবস্থানের মুখে দুর্ভোগের শিকার হচ্ছে বহুসংখ্যক মানুষ। লিবিয়া এবং তিউনিসিয়া সীমান্তে দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। গাদ্দাফির কারণে তারা এ সঙ্কটের শিকার হয়েছে। পরিস্থিতির আরো অবনতিতে লিবিয়ায় বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০০ ঘ.
bdnews24