২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার পথে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের দু'টি যুদ্ধজাহাজ বুধবার সুয়েজ খাল পাড়ি দিয়ে লিবিয়া অভিমুখে এগুচ্ছে। পদত্যাগের জন্য গাদ্দাফির ওপর পশ্চিমা দেশগুলোর সামরিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টায় এ যুদ্ধজাহাজ সমাগম ঘটানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ত্রিপোলি, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের দু'টি যুদ্ধজাহাজ বুধবার সুয়েজ খাল পাড়ি দিয়ে লিবিয়া অভিমুখে এগুচ্ছে। পদত্যাগের জন্য গাদ্দাফির ওপর পশ্চিমা দেশগুলোর সামরিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টায় এ যুদ্ধজাহাজ সমাগম ঘটানো হচ্ছে। বুধবার সুয়েজ খালে প্রবেশ করেছে জল ও স্থলে হামলার উপযোগী দুটি যুদ্ধজাহাজ, ইউএসএস কারসার্জ এবং ইউএসএস পোঞ্চ। এর আগে সোমবার এ খালে প্রবেশ করে ইউএসএস ব্যারি ডেস্ট্রয়ার। সুয়েজ পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে পড়বে জাহাজগুলো। যুক্তরাষ্ট্র কিংবা ন্যাটো লিবিয়ায় সরাসরি সামরিক আগ্রাসন চালানোর আগ্রহ না দেখালেও যুদ্ধজাহাজ পাঠিয়ে শক্তিপ্রদর্শন করছে। এর সঙ্গে প্রস্তুতি চলছে লিবিয়ায় মানবিক সংকট সামাল দেওয়ার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, মানবিক সাহায্যের প্রস্তুতিতে নতুন করে জাহাজ মোতায়েন করা হচ্ছে। তবে সব বিকল্পই হাতে রাখা হয়েছে বলে জানান তিনি। গেটস বলেন, আমরা বহু বিকল্প পথই বিবেচনা করে দেখছি। তবে অন্য কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। গেটসের কথায় এটি পরিস্কার যে, জাতিসংঘ এখনো লিবিয়ায় সামরিক শক্তি প্রয়োগের সবুজ সংকেত দেয় নি। তাছাড়া, জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে যুক্তরাষ্ট্র মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছে, লিবিয়ার ৪১ বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে দেশ গৃহযুদ্ধের অতল গহ্বরে নিমজ্জিত হবে। কিন্তু তারপরও ক্ষমতা আঁকড়ে রাখায় অটল গাদ্দাফি। ওদিকে, তার ছেলে সাঈফ আল ইসলামও বলেছেন, প্রবীণ এ নেতা ক্ষমতা ছাড়বেন না কিংবা নির্বাসনেও যাবেন না। পশ্চিমা বিশ্বকে সামরিক শক্তি প্রয়োগের বিরুদ্ধেও সতর্ক করে দেন সাঈফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২২ ঘ.