ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোর সেনা সদস্যরা দেশটির দক্ষিণাঞ্চলের গুয়েররেরো রাজ্যে একটি গণকবরে ১৭ টি মৃতদেহের সন্ধান পেয়েছে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার বিবিসি এ খবর জানায়।
গুয়েররেরো রাজ্যের মাদক-সন্ত্রাস কবলিত স্যান মিগুয়েল টোটোলাপান শহরে মঙ্গলবার গণকবরটির সন্ধান পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানায়, তারা আরো মৃতদেহের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে।
রাত নেমে আসায় মঙ্গলবার অনুসন্ধান পরিত্যক্ত হয়। বুধবার সকাল থেকে আবারো অনুসন্ধান শুরু করার কথা রয়েছে।
গত বছর, মেক্সিকোতে তিনটি গণকবর আবিষ্কৃত হয়। ওগুলো ভরা ছিল মাদক-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্যদের মৃতদেহে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৯ ঘ.
bdnews24