২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিক্ষোভে পুলিশের বাধা, গ্রেপ্তার ৭৯

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে বাধা দিয়েছে নিরাপত্তাবাহিনী। কাঁদানে গ্যাস ছুড়ে এবং লাঠিচার্জ করে তারা বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে। গ্রেপ্তার হয়েছে ৭৯ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 07:52 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

তেহরান, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে সরকারবিরোধী বিক্ষোভে বাধা দিয়েছে নিরাপত্তাবাহিনী। কাঁদানে গ্যাস ছুড়ে এবং লাঠিচার্জ করে তারা বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে। গ্রেপ্তার হয়েছে ৭৯ জন। সরকারবিরোধীদের একটি ওয়েবসাইট মঙ্গলবার এ খবর জানিয়েছে। বিরোধীদলীয় দুই শীর্ষ নেতাকে সরকার হেনস্থা করায় এর প্রতিবাদে মঙ্গলবার রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছিল। সরকার বিরোধী কালেমি ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়, তেহরানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ও সাদাপোশাকধারী লোকজন কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। নিরাপত্তা বাহিনী অন্তত ৭৯ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হয় শাহামনিউজ ওয়েবসাইটে। এ সাইটে আরো বলা হয়, গত ১৪ ফেব্র"য়ারির বিক্ষোভে ১৫০০ মানুষ গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার শত শত বিক্ষোভকারী খণ্ড খণ্ড মিছিল নিয়ে তেহরানের আজাদি চত্বরের (স্বাধীনতা চত্ত্বর) দিকে অগ্রসর হয়। বিক্ষোভকারীরা মির হোসেইন মুসাভি ও মেহেদি কারুবির মুক্তির দাবিতে স্লোগান দেয় তারা। ইনকিলাব চত্বরের কাছাকাছি ও আশপাশের রাস্তায় গুলির শব্দ শোনা গেছে বলে জানায় কালেমি ওয়েবসাইট। এদিকে শাহাম নিউজ জানায়, হাজার হাজার বিক্ষোভকারী তেহরানসহ অন্যান্য শহরের রাস্তায় জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ওই সংবাদ সংস্থাটি আরো জানায়, বিরোধীদের জমায়েত রোধ করতে নিরাপত্তাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য তেহরানের প্রধান প্রধান সড়কগুলোতে অবস্থান নিয়েছে। দেশব্যাপী সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ পরিকল্পনার আশঙ্কায় ইরানের বিরোধীদলীয় দুই শীর্ষ নেতা মুসাভি ও কারৌবিকে সোমবার গ্রেপ্তার করা হয় বলে ধারণা করা হচ্ছে। ১৪ ফেব্র"য়ারি মিসরের গণআন্দোলনে সংহতি প্রকাশ ও বিক্ষোভের ডাক দেওয়ার পর থেকে ওই দুই নেতাকে দুই সপ্তাহ ধরে তাদের তেহরানের বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাদের ডাকে সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসে। ওই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২ জন নিহত হয় এবং অনেকে কারাবরণ করেন। এরপরই সরকার মুসাভি ও কারুবির বিরুদ্ধে আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগ তোলে। এমন কী সরকারপক্ষীয় আইনপ্রণেতারা ওই দুই নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ারও আহ্বান জানায়। কালেমি ওয়েবসাইটে মুসাভির মেয়ে জানান, ১৪ ফেব্র"য়ারি থেকে তাদেরকে মুসাভির বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটি আন্তর্জাতিক আইনি সহায়তা গোষ্ঠী রোববার দাবি করে, ইরানের বিরোধীদলীয় ওই দুই শীর্ষ নেতাকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/সিআর/১৩৪৮ ঘ.