ইসলামাবাদ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টি বুধবার রাজধানী ইসলামাবাদে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। তাকে হত্যার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।
ব্ল্যাসফেমি আইনের বিরোধিতা করার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় তারা।
তালেবানের এক মুখপাত্র সাজ্জাদ মোহম্মদ বলেন, ভাট্টি ব্ল্যাসফেমি আইন সংশোধনের পক্ষে থাকায় তাকে হত্যা করা হয়েছে।
মাত্র দুইমাস আগে ৪ জানুয়ারি পাঞ্জাব প্রদেশের গভর্নর ও সরকারদলীয় শীর্ষ রাজনীতিক সালমান তাসির দেহরক্ষীর গুলিতে নিহত হন।
এই দুজনের মৃত্যুর সঙ্গেই একটি বিষয় জড়িত, তা হচ্ছে, তারা পাকিস্তানের ধর্ম অবমাননা আইনের সংস্কার চেয়েছিলেন।
বুধবার গাড়িতে করে যাওয়ার পথে দুইজন বন্দুকধারী শাহবাজের গাড়িতে হামলা চালায় বলে পুলিশ জানায়।
খ্রিস্টান ধর্মাবলম্বী শাহবাজ ভাট্টি ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির একজন নেতা।
জানুয়ারিতে বিবিসিকে শাহবাজ বলেছিলেন, ধর্ম অবমাননা আইন সংস্কারের লক্ষ্যে কাজ করায় ইসলামি জঙ্গিরা তাকে হত্যার হুমকি দিয়েছে।
ওই আইনে যে কেউ ইসলাম ধর্মকে অবমাননা করলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। কিন্তু শাহবাজ বলেছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বাসকে নির্দয়ভাবে দমন করতেই এটি ব্যবহার করা হচ্ছে।
শাহবাজ বলেছিলেন, "আমি বলেছিলাম, আমি যদি ধর্মঅবমাননা আইনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখি, তবে আমাকে হত্যা করা হবে। আমাকে দোষী বানানো হবে। কিন্তু কোনো অশুভ শক্তি, কোনো মৌলবাদী শক্তি আমাকে আমার অবস্থান থেকে বিচ্যুত করতে পারবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৮৪৫ঘ.
bdnews24