২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কাউন্সিলে লিবিয়ার সদস্যপদ স্থগিত

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে লিবিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। দেশটিতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় সাধারণ পরিষদ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 04:42 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

জাতিসংঘ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে লিবিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। দেশটিতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় সাধারণ পরিষদ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে লিবিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র লিবিয়ার দিকে ষষ্ঠ নৌবহর পাঠিয়েছে। যুক্তরাজ্য দেশটির জনগণকে রক্ষায় একটি 'নো ফ্লাই জোন' তৈরির ঘোষণা দিয়েছে। জেনেভাভিত্তিক ৪৭ সদস্য বিশিষ্ট জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ১৯২ সদস্যের সাধারণ পরিষদ লিবিয়ার বিরুদ্ধে এ সিদ্ধান্ত অনুমোদন করে। ওই অধিবেশনে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব অপরাধ বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। গত শুক্রবার মানবাধিকার কাউন্সিল লিবিয়ার বিরুদ্ধে 'ব্যাপক মাত্রায় পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন'র অভিযোগ আনে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সাধারণ পরিষদের নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রিচ বলেন, "সাধারণ পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেসব সরকার তার জনগণের দিকেই অস্ত্র তাক করে, মানবাধিকার কাউন্সিলে তাদের স্থান নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৭ ঘ.