তেহরান, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশব্যাপী ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ পরিকল্পনার মুখে ইরানের বিরোধীদলীয় দু'জন নেতৃস্থানীয় ব্যক্তিকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। জানিয়েছে 'দ্য গ্রিন ভয়েস'নামে ইরান সরকার বিরোধী একটি ওয়েবসাইট।
ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, মীর হোসেইন মুসাভি ও মেহেদি কারৌবি কে গ্রেপ্তার করে তেহরানের হেশমাতিহ কারাগারে পাঠানো হয়েছে।
তবে ফারস বার্তা সংস্থা অজ্ঞাত এক বিচারবিভাগীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদটি অস্বীকার করে।
ওই কর্মকর্তা সংবাদটিকে ভুয়া দাবি করে ফারস নিউজকে জানায়, সন্দেহজনক যোগাযোগ থেকে বিরত রাখতে মুসাভি ও কারৌবি কে তাদের বাসভবনে নজরবন্দি করে রাখা হয়েছে।
১৪ ফেব্র"য়ারি বিক্ষোভের ডাক দেওয়ার পর থেকে মীর হোসেন মুসাভি ও মেহেদী কারৌবি কে দুই সপ্তাহ যাবৎ তাদের তেহরানের বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়েছে।
ওই বিক্ষোভের সময় তাদের হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত হয় এবং অনেকে কারাবরণ করে।
এরপরই সরকার মুসাভি ও কারৌবির বিরুদ্ধে আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগ তোলে। এমন কী সরকারপক্ষীয় আইনপ্রণেতারা ওই দুই নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ারও আহ্বান জানায়।
কালেমি নামের এক ওয়েবসাইটে মুসাভির মেয়ে জানান, ১৪ ফেব্র"য়ারি থেকে তাদেরকে মুসাভির বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
একটি আন্তর্জাতিক আইনি সহায়তা গোষ্ঠী রোববার দাবি করে, ইরানের বিরোধীদলীয় দুই শীর্ষ নেতা মীর হোসেইন মুসাভি ও মেহেদি কারৌবি কে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ঘ.
bdnews24