২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানালো বিশ্ব

লিবিয়ায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়ে সোমবার এর অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ত্রিপোলি, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- লিবিয়ায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়ে সোমবার এর অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির ওপর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা এবং লিবিয়া সঙ্কট নিরসনে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার জেনেভায় বৈঠক করতে সমবেত হন। বৈঠক উদ্বোধন করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নাভি পিল্লাই লিবিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলা আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধের শামিল বলে গণ্য হতে পারে। পরিবর্তনকে স্বাগত জানানোর জন্য এতো রক্তক্ষয় দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। ওদিকে, লিবিয়ার সহিংসতাকে বিশ্বব্যাপী মানবাধিকারের চেতনায় আঘাত বলে মন্তব্য করেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন। লিবিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞা খুব শিগগিরই কার্যকর হবে বলে জানান তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। লিবিয়া জনগণের প্রতি দায়দায়িত্ব পালনে ন্যাক্কারজনকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ লিবিয়ায় জনগণের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার মেনে নেওয়া যায় না মন্তব্য করে অবিলম্বে এ অবস্থার অবসান ঘটানোর দাবি জানান। গাদ্দাফির এখন ক্ষমতা ছেড়ে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড। তিনি লিবিয়ার জনগণকে রক্ষায় একটি নো ফ্লাই জোন গড়ার আহ্বান জানান। ইতালিও গাদ্দাফির পদত্যাগের সময় হয়ে এসেছে বলে মন্তব্য করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র লিবিয়ার বিরোধীদলগুলোর সঙ্গে যোগাযোগ করছে। গাদ্দাফিকে সরাতে লিবিয়ার জনগণকে কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের জেনেভা বৈঠকের মাঝেই লিবিয়ায় বিদ্রোহীদের হাতে সেনাবাহিনীর একটি বিমান ভূপাতিত হওয়ার খবর এসেছে। রয়টার্স জানিয়েছে, লিবিয়ায় গাদ্দাফিবিরোধীরা সোমবার সেনাবাহিনীর একটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। সরকারের মিসরাটা শহর পুনর্দখলের চেষ্টার সময় তারা বিমানটি ভূপাতিত করে। বিমানের ক্রুদেরকেও তারা আটকে রেখেছে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। মিসরাটা এবং জাবিয়াহ দুটি শহরেই সরকারি বাহিনীর মুহূর্মূহূ হামলার মুখেও নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিরোধীরা। এর আগে গতরাত থেকেই শুরু হয়েছে সামরিক বিমান ঘাঁটি দখলের লড়াই। তা এখনও চলছে। গাদ্দাফি বাহিনীর হাতে আছে ওই ঘাঁটির ছোট্ট একটি অংশ। বেশির ভাগ অংশই আছে বিরোধীদের হাতে। অবিলম্বে পদত্যাগের জন্য গাদ্দাফির ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইতোমধ্যই তিনিসহ লিবিয়া কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অস্ত্র নিষেধাজ্ঞা আরোপসহ লিবিয়ার সম্পত্তিও জব্দ হয়েছে। পরিস্কার করে জানিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপর সহিংসতার জন্য দায়ীরা আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হবে। উল্লেখ্য, গত কয়েকদিনের গাদ্দাফি বিরোধী আন্দেলনে ১ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০০ ঘ.