ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে টেক্সাসে সৌদি আরবের ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার একথা জানায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
খালিদ আলদাওসারি নামক ওই সৌদি ছাত্রর হামলার টার্গেট ছিলো খুব সম্ভবত ডালাসে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাসভবন, বিভিন্ন পারমাণবিক স্থাপনা এবং হাইড্রোইলেকট্রিক বাঁধ।
খালিদ ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনার জন্য সুডেন্ট ভিসা নিয়ে লুবক কলেজে ভর্তি হন। গত বুধবার এফবিআই এজেন্টরা তাকে গ্রেপ্তার করে।
খালিদের বিরুদ্ধে সন্ত্রাসসহ বোমা বানানোর সরঞ্জাম কেনারও অভিযোগ রয়েছে।
খালিদ কোনো জঙ্গি গোষ্ঠীর হয়ে নয় বরং একাই হামলার পরিকল্পনা করছিলেন। ব্লগ এবং ব্যক্তিগত জার্নালে খালিদ জিহাদে নামার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তরা।
এ জিহাদ চালানোর জন্য খালিদ পুতুলের মধ্যে বোমা ভরে ডালাসের নাইটক্লাবে হামলা চালানো এবং নিউইয়র্কে গাড়িবোমা হামলার জন্য গাড়ি ভাড়া করারও পরিকল্পনা করেছিলেন বলে জানান তারা।
ডালাসে বুশের বাসভবনকে 'স্বৈরশাসকের বাড়ি' নাম দিয়ে লেখা খালিদের একটি ইমেইল পাওয়ার কথা জানিয়েছে এফবিআই। বুশের সহযোগী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৪ ঘ.
bdnews24