রোম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর নেতা মুয়াম্মার গাদ্দাফির নির্দেশে চালানো দমনাভিযানে প্রায় ১ হাজার মানুষ নিহত হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাতিনি বুধবার একথা বলেছেন।
রোমে সাংবাদিকদের ফ্রাতিনি বলেন, লিবিয়ায় নিহতের সংখ্যা সম্পর্কে পরিপূর্ণ কোনো তথ্য তাদের কাছে নেই।
তারপরও তিনি বলেন, দমনাভিযানে আসলে প্রায় ১ হাজার মানুষ নিহত হয়েছে বলেই তাদের বিশ্বাস।
লিবিয়ায় দমনাভিযানে অন্তত ৩ শ মানুষ নিহত হওয়ার কথা জানা গেলেও ইতালির পররাষ্ট্রমন্ত্রী হাজারখানেক মানুষ নিহত হওয়ার কথা বললেন।
আন্তর্জাতিক নিন্দাবাদ এবং এখনো শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ চলতে থাকায় গাদ্দাফির ওপর চাপ বাড়ছে।
বিবিসি জানিয়েছে, লিবিয়ায় উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে গাদ্দাফির পক্ষ ছেড়ে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দেল ফাত্তাহ ইওনেস আল আবিদি।
ওদিকে, সর্বশেষ খবরে গাদ্দাফির ঘনিষ্ঠ এক সহযোগী পদত্যাগ করার কথা জানিয়েছে রয়টার্স।
গাদ্দাফি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেন, সহিংসতার প্রতিবাদে তিনি রোববার গাদ্দাাফি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন।
অন্যদিকে, সরকারবিরোধী সহিংস আন্দেলনের মুখে লিবিয়া থেকে বিদেশিদের সরিয়ে নেওয়ার তোড়জোড়ের মধ্যে ফ্রান্স প্রথম অবিলম্বে দেশটিতে নিষেধাজ্ঞা আরোপ করা এবং সম্পর্ক ছিন্ন করার জন্য ইইউ কে আহ্বান জানিয়েছে।
লিবিয়ার সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের কথা বলেছেন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।
তবে কাতার লিবিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের আগ্রহ দেখায়নি। যদিও কাতারের কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা লিবিয়ার বিক্ষোভকে সমর্থন করেছে।
এতে করে লিবিয়াকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভক্তিস্পষ্ট হয়ে উঠছে।
লিবিয়ার ঘটনা নিয়ে বিশ্বব্যাপী তোলপাড়ের মধ্যেও ক্ষমতায় থাকার ব্যাপারে এখনো অটল গাদ্দাফি। ক্ষমতা ধরে রাখতে তিনি বুধবার তার সমর্থকদের নিয়ে গণবিক্ষোভ ডাকেন।
এদিন সকালে ত্রিপোলির গ্রিন স্কয়ারে লিবিয়ার পতাকা এবং গাদ্দাফির প্রতিকৃতি নিয়ে জড়োও হয় ১৫০ জনের মতো মানুষ।
কিন্তু গাদ্দাফিপন্থি সশস্ত্র ক্যাডাররা রাস্তায় ঘোরঘুরি করতে থাকায় ত্রিপোলির বেশির ভাগ রাস্তাই এখন ফাঁকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ ঘ.
bdnews24