আলজিয়ার্স, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ায় দীর্ঘ ১৯ বছর ধরে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে আরব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া প্রবল গণআন্দোলনের ঢেউ থেকে রক্ষা পেতে জরুরি অবস্থা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে দেশটির বিরোধী দল বলছে, শুধু জরুরি অবস্থা তুলে নেওয়াই যথেষ্ঠ হবে না।
মঙ্গলবার এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেয় আলজেরীয় সরকারের মন্ত্রিসভা।
এছাড়া বেকারত্বের হার কমিয়ে আনতে বেশকিছু উদ্যোগ অনুমোদন করেছে আলজেরীয় সরকার। আলজেরিয়ার সাধারণ জনগণের জন্য বেকারত্ব সবসময়ই একটি আক্ষেপের বিষয়।
জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবিতে দেশটির রাজধানীতে বিরোধীদলগুলো ধারাবাহিকভাবে সাপ্তাহিক বিক্ষোভ পালন করে আসছে।
আলজেরিয়ান হিউম্যান রাইটস লিগের চেয়ারম্যান মুস্তাফা বাউচাচি বলেন, জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক, তবে তাই যথেষ্ট নয়। আমাদের রাজনৈতিক, গণমাধ্যম এবং মানবাধিকার কার্যক্রমকে আরো উন্মুক্ত করতে হবে, যেন জনগণ নিজেদের স্বাধীনতা উপলব্ধি করতে পারে।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলআজিজ বোউতেফলিকা (৭৩) বিরোধী দল এবং তার নিজের প্রশাসন থেকেও আরো বেশকিছু সংস্কার ও তা জনগণের সামনে তুলে ধরার ব্যাপারে চাপের মুখে রয়েছেন।
ভূমধ্যসাগরের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে ফ্রান্স ও স্পেনে গ্যাস সরবরাহকারী অন্যতম দেশ আলজেরিয়া। দেশটিতে ইসলামপন্থী বিদ্রোহীদের ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিলো।
তবে বিগত কয়েক বছরে বিদ্রোহীদের তৎপরতা কমে যাওয়ার পরও জরুরি অবস্থা তুলে না নেওয়ায় সরকারের বেশ সমালোচনা চলছে। এতে সে দেশে রাজনৈতিক স্বাধীনতা খর্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবে এ সিদ্ধান্ত সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচারিত না হলে কার্যকর হবে না। ফলে দেশটিতে জরুরি অবস্থা শেষ হতে আরো কিছুদিন লেগে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৪১ ঘ.
bdnews24