জাতিসংঘ, কুয়ালালামপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনাভিযানের প্রতিবাদে গাদ্দাফি সরকারের পক্ষ ত্যাগ করছেন জাতিসংঘ ও বিভিন্ন দেশে নিয়োজিত লিবিয়ার শীর্ষ কূটনীতিকরা।
যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, আরব লীগ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত এবং বাংলাদেশের দূতবাসের লিবীয় কূটনীতিকরা হয় পদত্যাগ করেছেন নয়তো গাদ্দাফি সরকারের পক্ষ ত্যাগ করেছেন।
বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আহমেদ আতিয়া হামাদ আল-ইমান বিক্ষোভকারীদের ওপর সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার পদত্যাগ করেন।
এর আগে রোববার পদত্যাগ করেন আরব লীগে লিবিয়ার রাষ্ট্রদূত আব্দেল মোনেইম আল-হোউনি। লিবিয়ার জনতার ওপর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে গাদ্দাফি ও তার সমর্থকদের বিচারের মুখোমুখি করার দাবি করেন তিনি।
ভারতে নিয়োজিত লিবিয়ার রাষ্ট্রদূত আলী আল-ইসায়ি বিক্ষোকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে পদত্যাগ করে বলেন, লিবিয়ার জনতাকে রক্ষার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, "লিবিয়ার জনগণ বিমান বাহিনীর বিরুদ্ধে কিছু করতে পারে না। আমরা আন্তর্জাতিক মহলে কাছে সেনা পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি না। তবে আমরা লিবিয়ার জনতাকে রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।"
"জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। লিবিয়ার জনগণকে রক্ষার জন্য স্বচ্ছতা ও সততা দেখানোর এখনই সময়।", বলেন তিনি।
যুক্তরাষ্ট্রে লিবিয়ার রাষ্ট্রদূত আলী আউজালি সোমবার বিবিসিকে জানান, গাদ্দাফির প্রতি সমর্থন প্রত্যাহার করছেন তিনি।
আলী বলেন, "আমাদের দেশের জনগণকে হত্যাকারী সরকারকে কিভাবে আমি সমর্থন করতে পারি। চোখের সামনে যা দেখেছি তা একেবারেই মেনে নেওয়ার মতো নয়।"
গাদ্দাফিকে একজন 'স্বৈরশাসক' অভিহিত করে তার পক্ষ ত্যাগ করেছেন জাতিসংঘে লিবিয়ার উপ রাষ্ট্রদূত ইব্রাহিম দাব্বাসি।
দাব্বাসির অনুরোধে লিবিয়া পরিস্থিতি নিয়ে মঙ্গলবার গ্রীনিচ মান সময় ১৪০০ তে রুদ্ধদ্বার বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ।
অস্ট্রেলিয়ায় লিবিয়ার রাষ্ট্রদূত মুসবাহ আল্লাফি বলেন, "আমরা লিবিয়ার জনগণের প্রতিনিধিত্ব করছি, সরকারের নয়।"
কিন্তু এ ব্যাপক বিরোধিতার মুখেও অনড় লিবিয়ার ৪১ বছরের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। তার শাসনাবসানের দাবিতে শুরু হওয়া বিক্ষোভে দমনাভিযান চালিয়েছে সেনা ও বিমান বাহিনী।
গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে ব্যাপক হত্যাযজ্ঞের পর রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভ দমনে সোমবার বিমান বাহিনীকেও মাঠে নামানো হয়। রোববার থেকে ত্রিপোলিতে বিক্ষোভ শুরু হয়।
মালয়েশিয়ায় লিবিয়ার দূতাবাস বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমানাভিযানের নিন্দা জানিয়েছে। দূতাবাস জানায়, বিক্ষোভকারীদের ওপর এ সহিংসতা "বর্বরোচিত ও জঘন্য অপরাধ"। লিবিয়ায় জনতার ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদ জানিয়ে মালয়েশিয়া দূতাবাসের বাইরে বিক্ষোভ করে প্রায় দুই শ' মানুষ।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে তিন শ' মানুষ নিহত হয়েছে। কেবল সোমবারের সহিংসতায় রাজধানীতে অন্তত ৬১ জন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
লিবিয়ায় এ দমনাভিযান মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বলে মনে করছেন জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই। তিনি মঙ্গলবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর লিবিয়া প্রশাসনের অভিযানের আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।
ওদিকে, বিক্ষোভকারীদের ওপর সহিংসতার প্রতিবাদে গাদ্দাফি সরকারের বিচারমন্ত্রী পদত্যাগ করেছেন। সেনা কর্মকর্তাদের একটি গ্র"প বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সেনানিদের প্রতি আহ্বান জানিয়েছে। বিক্ষোভকারীদের ওপর বোমা হামলার আদেশ অমান্য করে যুদ্ধবিমান নিয়ে পার্শ্ববর্তী দেশ মাল্টায় আশ্রয় নিয়েছে দুই বৈমানিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮২৩ ঘ.
bdnews24