তিউনিস, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে তিউনিসিয়ার সরকার দেশটির নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট বেন আলির রাজনৈতিক দলকে ভেঙ্গে দেয়ার উদ্যোগ নিয়েছে।
সোমবার তিউনিসিয়ার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তিউনিসিয়ার আদালতে আবেদন গৃহীত হলে বেন আলির দল দ্য কনস্টিটিউশনাল ডেমক্রেটিক র্যালি (আরসিডি) নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারবে না।
দেশটির নিম্ন আদালতে সোমবার তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরসিডিকে বিলুপ্ত করার আবেদন জানায় বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা টিএপি জানায়।
গত মাসে গণআন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলি সৌদি আরব পালিয়ে যান। এরপর দেশটিতে গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার। এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর চলতি মাসের শুরুতে বেন আলির দল আরসিডির যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এরই ধারাবাহিকতায় এখন দলটিকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করছে সরকার। আরসিডির বিরুদ্ধে সরকারের অভিযোগ, এই দলের সদস্যরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে ভূমিকা রাখছে।
১৯৮৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই কঠোর দমননীতি গ্রহণ করেন বেন আলি। অবশেষে চলতি বছর তার শাসনের বিরুদ্ধে প্রবল গণআন্দোলন গড়ে ওঠে।
চলতি বছরের জুলাই অথবা অগাস্টে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে টিএপি জানায়, বেন আলি তার প্রেসিডেন্সিয়াল প্রাসাদের গোপন কোনো কুঠুরিতে প্রায় ৪১ মিলিয়ন দিনার (প্রায় ২৯ মিলিয়ন ডলার), হীরা এবং স্বর্ণ লুকিয়ে রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/কিউএইচ/সিআর/১৪২২ ঘ.
bdnews24