ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালির রাজধানী বামাকোয় এক ধর্মসভায় হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্ততপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এতে ৭০ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানায়।
বিবিসি অনলাইন মঙ্গলবার জানায়, বামাকোর একটি স্টেডিয়ামে ওই ধর্মসভার আয়োজন করা হয়ে। এতে ভাষণ দেন ইমাম ওসমান মাদানি হায়দারা।
ভাষণ শেষ হওয়ার পর তার দোয়া নিতে গিয়ে ২৫ হাজার মানুষ ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনা নিশ্চিত করেছে।
ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই ধর্মসভার আয়োজন করা হয়।
নিহত ও আহত স্বজনের খোঁজে বামাকোর গ্যাব্রিয়েল তোরে হাসপাতালে ভিড় করে অসংখ্য মানুষ। তাদেরই একজন সিদ্দিকি কওলিবেলি এপি সংবাদ সংস্থাকে বলেন, "আমি ইতোমধ্যে নিশ্চিত হয়েছি, আমার খালা মারা গেছেন।"
"আমরা এখন তার ১০ বছর বয়সী মেয়েকে খুঁজছি। তার কি হয়েছে জানি না। প্রতিবছর তারা এই ধর্মসভায় অংশ নিতো" বলেন কওলিবেলি।।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৯ ঘ.
bdnews24