আসাদাবাদ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ন্যাটো ও আফগান বাহিনীর যৌথ অভিযানে গত ৪ দিনে নারী ও শিশুসহ ৬৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর।
গভর্নর ফজলুল্লাহ ওয়াহিদি রোববার রয়টার্সকে বলেন, "তারা সবাই গাজি আবাদ জেলায় স্থল ও বিমান হামলায় নিহত হয়েছে।"
তিনি জানান, "নারী নিহত হয়েছে ২০ জন, শিশু কিংবা তরুণ মিলিয়ে নিহত হয়েছে ২৯ জন- যাদের বয়স ৭ থেকে ২০ বছর পর্যন্ত; আর বাদবাকী ১৫ জন প্রাপ্তবয়স্ক মানুষ।"
তবে আফগানিস্তানের ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী আইএসএএফ বলেছে, তারা কুনার প্রদেশে কেউ নিহত হওয়ার খবর পায়নি। তবে ৭ জন আহত হওয়ার খবর পেয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইএসএএফ।
ন্যাটো পরিচালিত সামরিক অভিযানে বিমান হামলা এবং রাতের তল্লাশি অভিযানে প্রায়ই বেসামরিক আফগান হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে আফগান সরকার এবং পশ্চিমাদের মধ্যে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24