ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আফগানিস্তানের ননগড়হার প্রদেশের জালালাবাদ শহরে একটি ব্যাংক ভবনে শনিবার তালেবানের হামলায় ১৮ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক গভর্নর গুল আঘা শিরাজি বলেন, "দুভার্গ্যজনকভাবে আমাদের ১৮ জন মানুষ মারা গেছেন এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন।"
বন্দুকের গুলি ও গ্রেনেড ছুড়ে আত্মঘাতীরা হামলা চালিয়েছে বলে জানান তিনি।
হামলার দায় স্বীকার করে তালেবান বলেছে, পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের লক্ষ করে কাবুল ব্যাংকে হামলা চালানো হয়।
আফগানিস্তানের শীর্ষ বেসরকারি ব্যাংক 'কাবুল ব্যাংক'র জালালাবাদ শাখা থেকে বেতন-ভাতা তোলেন পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই হামলার নিন্দা জানিয়ে বলেন, "মানুষ সেখানে ব্যবসায়িক লেনদেন করছিলেন ও বেতন-ভাতা তুলছিলেন। এ হামলা আবারো সন্ত্রাসীদের নিষ্ঠুরতার পরিচয় দিলো। সন্ত্রাসীরা আফগানিস্তানের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১৫৫ ঘ.
bdnews24