২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইন: সরকারের পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা

বাহরাইনের সরকারবিরোধী বিক্ষোভকারীরা রোববার বলেছে, দাবি পূরণের আগে সরকারের সঙ্গে কোনো সংলাপ নয়। সরকারের পদত্যাগ, রাজবন্দিদের মুক্তি ও বিক্ষোভকারীদের হত্যা তদন্তের দাবি করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

মানামা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বাহরাইনের সরকারবিরোধী বিক্ষোভকারীরা রোববার বলেছে, দাবি পূরণের আগে সরকারের সঙ্গে কোনো সংলাপ নয়। সরকারের পদত্যাগ, রাজবন্দিদের মুক্তি ও বিক্ষোভকারীদের হত্যা তদন্তের দাবি করেছে তারা। বিরোধী দল ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচানার দায়িত্বে রয়েছেন সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার প্রিন্স সালমান বিন হামাদ আল-খলিফা। তিনি শনিবার সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। প্রিন্স সালমান সিএনএন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনার টেবিলে বসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ সংঘর্ষে হতাহতের ব্যাপারে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, "আমি মনে করি সবার মধ্যে অনেক কষ্ট ও ক্ষোভ রয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদের ও আহতদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এ ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এটা আমাদের জাতির ইতিহাসে দুঃখজনক ঘটনা।" বিক্ষোভকারীরা সম্পূর্ণ স্বাধীনভাবে পার্ল স্কয়ারে অবস্থান করতে পারবে বলেও জানান তিনি। পার্ল স্কয়ার থেকে শনিবার সেনাবাহিনী চলে যাওয়ার পর সেখানে আবারো সমবেত হয় কয়েক হাজার বিক্ষোভকারী। রাতে সেখানে তাবু খাঁটিয়ে অবস্থান করে অনেকে। তবে শনিবার সেনা প্রত্যাহারের পরপর বিক্ষোভকারীরা স্কয়ারটিতে অবস্থান নেওয়ার চেষ্টা চালালে মুহূর্তের মধ্যে পুলিশ পৌঁছে কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের তাড়িয়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্কয়ারটি ছেড়ে গেলে সেখানে জড়ো হয় বিক্ষোভকারীরা। চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে শুক্রবার বিরোধী দলগুলোর প্রতি জাতীয় সংলাপের আহ্বান জানান বাদশা হামাদ বিন ইসা আল-খলিফা। কিন্তু সেনা প্রত্যাহার না করলে কোনো সংলাপ নয়-বিরোধী দলগুলোর এ দাবির মুখে শনিবার সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রিন্স সালমান। মানার কেন্দ্রস্থল পার্ল স্কয়ারে সোমবার থেকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ওপর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে হামলা চালায় দাঙ্গা পুলিশ। ওই হামলায় চারজন নিহত ও ২৩১ জন আহত হয়। তখন থেকে স্কয়ারটিতে বিক্ষোভকারীদের সমাবেশ ঠেকাতে সেনা মোতায়েন করা হয়। শুক্রবার বিক্ষোভকারীরা পার্ল স্কয়ারে যাওয়ার চেষ্টা চালালে তাদের ওপর গুলি ছোড়ে সেনাবাহিনী। সেনাবাহিনীর গুলিতে ৬০ জনের বেশি আহত হয়। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন এক বিবৃতিতে বাহরাইনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "বাক স্বাধীনতা ও স্বাধীনভাবে জনগণের সমাবেশের সুযোগ দিয়ে মৌলিক মানাবধিকার রক্ষার জন্য আমি বাইরান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।" ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বাদশা হামাদের সঙ্গে টেলিফোনে কথা বলে সহিংসতার নিন্দা জানান। তাছাড়া সংঘর্ষ এড়াতে ও জনগণের অধিকারের প্রতি সম্মান দেখাতে বাহরাইন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গণবিক্ষোভের মুখে তিউনিসিয়া ও মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার ঘটনায় অনুপ্রাণিত হয়ে গত সোমবার থেকে বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত ছয় জন নিহত হয়েছে। দেশে গণতান্ত্রিক সংস্কার, খলিফা পরিবারের আধিপত্যের সমাপ্তি, রাজবন্দিদের মুক্তি এবং কর্মসংস্থান ও আবাসনের দাবিতে বিক্ষোভ করছে জনতা। ১৯৭১ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সংখ্যাগরিষ্ঠ শিয়া মতাবলম্বীদের সঙ্গে অভিজাত সুন্নিদের সংঘর্ষ হয়। শিয়াদের অভিযোগ, ক্ষমতাসীন সুন্নিদের নিপীড়নের শিকার তারা। ১৯৯৯ সালে দেশটির আমির হন সুন্নি নেতা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। ২০০২ সালে আমির থেকে বাদশা হন হামাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫৩ঘ.