জেরুজালেম, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ইরানের দুটি যুদ্ধজাহাজ সুয়েজ খাল পাড়ি দিয়ে সিরিয়ায় পাঠানোর পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ইরান এ সিদ্ধান্ত নিয়ে নতুন করে উস্কানি দিচ্ছে বলে ইসরায়েল অভিযোগ করেছে।
এর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্র্রমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যান।
ইরান বুধবার মিশরের সুয়েজ খাল দিয়ে যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ১৯৭৯ সালের পর ইরানের এমন সিদ্ধান্ত এটাই প্রথম।
লিবারম্যান জানান, জাহাজ দুটির সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তেহরান এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও গত মাসে কয়েকটি প্রতিবেদনে জানা গেছে, ইরানের নৌবাহিনী এক বছরের জন্য ভূমধ্যসাগরে নৌবহর পাঠানোর পরিকল্পনা করেছে। গোয়েন্দা তথ্যসহ ওই অঞ্চলের নানা তথ্য সংগ্রহ করাই এর উদ্দেশ্য।
এ অভিযানে ইরানের যুদ্ধজাহাজ প্রথমে লোহিত সাগরে প্রবেশ করে ভূমধ্যসাগরে যাবে। পাঠানো হবে ইরানের এমকে-৫ ফ্রিগেটসহ দেশে তৈরি একটি ডেস্ট্রয়ার।
ইরানের লেফটেন্যান্ট কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম রেজা খাদেমের উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা একথা জানায়।
ওদিকে, ইসরায়েলের ইয়েদিয়োথ আরোনথ পত্রিকায় এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, জাহাজ দুটি এক বছরের জন্য সিরিয়া বন্দরে নোঙর করবে। ভূমধ্যসাগরে ইরানের যুদ্ধজাহাজ রাখার কোনো যুক্তি নেই বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যান জেরুজালেমে মার্কিন ইহুদি নেতাদের উদ্দেশ্যে এক বক্তব্যে ইরানের এ পরিকল্পনার সমালোচনা করেছেন।
তিনি বলেন, "সুয়েজ খাল পাড়ি দিয়ে ভূমধ্যসাগর হয়ে সিরিয়ায় ইরানের যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নতুন। যা বহুবছর দেখা যায়নি। ইরানের এ উস্কানি বন্ধের ব্যবস্থা করার কোনো তোড়জোড় আন্তর্জাতিক সম্প্রদায় দেখাচ্ছে না। এটি দুঃখজনক।"
তিনি আরো বলেন, "ইরানের নৌবহর বহুবছর ইসরায়েলি উপকূল পাড়ি দেয়নি। তাই ইরানের এ উস্কানিকে ইসরায়েল হালকাভাবে নিতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের তা বোঝা উচিত।"
সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭৯ সালের পর থেকে ইরানের কোনো যুদ্ধজাহাজ এ খাল পাড়ি দেয়নি।
ইসরায়েল বলছে, ইরান আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এ পথ পাড়ি দেবে।
কিন্তু সুয়েজ পাড়ি দিতে হলে ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে মিশর।
তবে নিয়ম অনুযায়ী, মিশরের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় এমন যে কোনো দেশেরই যুদ্ধজাহাজ সুয়েজ খাল ব্যবহার করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৫ঘ.
bdnews24