২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যমূল্য 'বিপজ্জনক পর্যায়ে' : বিশ্বব্যাংক

বিশ্বে খাদ্যমূল্য 'বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক প্রধান রবার্ট জোয়েলিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ওয়াশিংটন, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে খাদ্যমূল্য 'বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক প্রধান রবার্ট জোয়েলিক। মঙ্গলবার বিশ্বব্যাংক প্রকাশিত এক হিসাবে দেখা গেছে, বিশেষ করে গম, ভুট্টা, চিনি এবং ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির ফলে ২০১০ সালের জুন মাসের পর থেকে উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ৪ কোটি ৪০ লাখ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্য ও মধ্যএশিয়ার নাজুক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে থাকা দেশগুলোর অবস্থা আরো জটিল হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। জোয়েলিক বলেন, খাদ্যমূল্য বেড়ে যাওয়া মিশর আর তিউনিসিয়ার গণআন্দোলনের মূল কারণ না হলেও, অন্যতম একটি কারণ ছিল। খাদ্যমূল্য বাড়ার ফলে মধ্যএশিয়াতেও সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি। ফ্রান্সে জি-২০ দেশগুলোর মধ্যে বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ও এর কারণ বিষয়ক আলোচনা শুরু হওয়ার কয়েকদিন আগেই এ প্রতিবেদন প্রকাশ করলো বিশ্বব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১৭ ঘ.