মিলান, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অপ্রাপ্ত বয়সী যৌনকর্মীর সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মিলানের প্রধান বিচারকের দপ্তর থেকে মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মিলানের একটি ফৌজদারি আদালতে ৬ এপ্রিল বারলুসকোনির বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগের বিচার কাজ শুরু হবে।
রুবি নামের নাইটক্লাবের এক কর্মীর সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে তাকে পুলিশের কাছ থেকে ছাড়ানোর অভিযোগ ওঠে বারলুসকোনির বিরুদ্ধে। মরক্কো বংশোদ্ভূত ওই যৌনকর্মীর আসল নাম কারিমা এল মাহরুগ।
যৌন কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসলে বারলুসকোনির পদত্যাগের দাবিতে ইতালি জুড়ে বিক্ষোভ হয়।
আইনজীবীদের অভিযোগ, এক বছর আগে ১৭ বছর বয়সী রুবির সঙ্গে অর্থের বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হন বারলুসকোনি। তাছাড়া চুরির অভিযোগে রুবি ধরা পড়লে তাকে ছেড়ে দিতে থানায় ফোন করেন তিনি।
ইতালিতে ১৮ বছরের কম বয়সী যৌনকর্মীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হওয়া অপরাধ।
তবে অভিযোগগুলো অস্বীকার করে আসছেন বারলুসকোনি।
প্রধানমন্ত্রী বারলুসকোনির আর্কোরের বাসভবনে একটি পার্টিতে যোগ দিয়ে সাত হাজার ইউরো উপহার নেওয়ার কথা স্বীকার করলেও তার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেন রুবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২১০৮ ঘ.
bdnews24