বাগদাদ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকে নতুন সরকারে আট জন মন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নুরি আল- মালিকি রোববার পার্লামেন্টে নতুন মন্ত্রীদের নাম উত্থাপন করলে পার্লামেন্ট সদস্যরা তাতে সমর্থন দেয়।
তবে আট মন্ত্রী নিয়োগ হলেও প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
নতুন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাদ শাল্লাল। আর বাণিজ্যমন্ত্রী হয়েছেন কুর্দি নেতা খাইরাল্লা হাসান। এছাড়া নারী, আদিবাসী, পৌরসভা, সমাজ কল্যাণ, জাতীয় সমঝোতা এবং দপ্তরবিহীন এক মন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত মার্চের নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নয় মাসের রাজনৈতিক অচলাবস্থার পর ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বে ইরাকে নতুন সরকার গঠনের ব্যাপারে সমঝোতা হয়।
নতুন মন্ত্রী নিয়োগ দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য মালিকিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, "ইরাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট এবং শিগগিরই প্রতিরক্ষামন্ত্রী ও উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণে জাতীয় পরিষদ নিয়োগ করে সরকার গঠনের চূড়ান্ত পদক্ষেপ শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।"
২০০৩ সালের ২০ মার্চ মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকে সামরিক অভিযান চালিয়ে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করে। দীর্ঘ আট বছরের যুদ্ধ শেষে এ বছর শেষ দিকে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮২৫
bdnews24