২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো এক জিম্মিকে মুক্তি দিল ফার্ক

কলম্বিয়ার প্রধান বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া (ফার্ক) আরো এক জিম্মিকে মুক্তি দিয়েছে। সর্বশেষ এই জিম্মি মুক্তি দেওয়ার মাধ্যমে চলতি সপ্তায় চারজনকে ছেড়ে দিল ওই গোষ্ঠীটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বিয়ার প্রধান বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া (ফার্ক) আরো এক জিম্মিকে মুক্তি দিয়েছে। সর্বশেষ এই জিম্মি মুক্তি দেওয়ার মাধ্যমে চলতি সপ্তায় চারজনকে ছেড়ে দিল ওই গোষ্ঠীটি। বিবিসি অনলাইন জানায়, ছয় সপ্তাহ আগে পুলিশ কর্মকর্তা কার্লোস আলবার্তো ওকাম্পোকে অপহরণ করা হয়। মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে ফার্কের পক্ষ থেকে জানানো হয়। তবে রোববার আরো দু'জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ফার্ক তাদের ছাড়েনি। কলম্বিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওই বিদ্রোহী গোষ্ঠীটি এখনো নিরাপত্তা বাহিনীর প্রায় ডজনখানেক সদস্যসহ অনেক বেসামরিক নাগরিককে জিম্মি করে রেখেছে। ফার্কের সঙ্গে সমঝোতার জন্য সরকারের পক্ষ থেকে নিয়োজিত এদোয়ার্দো পিজারো লেওন গোমেজ বলেন, সরকারের পক্ষ থেকে ওই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সমঝোতার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হলেও গোষ্ঠীটি তাদের কথা রাখতে ব্যর্থ হয়। জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া ৩০ বছর বয়সী ওকাম্পো এখন তার পরিবারের সঙ্গে রয়েছেন। মুক্তি দেওয়ার পর তাকে বোগাটার বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্ত্রী, দুই মেয়ে ও বাবা-মার সঙ্গে মিলিত হন। এ সময় তার পরনে ছিল পুলিশের পোশাক। শান্তি আলোচনার দাবিতে ফার্ক নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ নাগরিকদের জিম্মি করেছে বলে জানা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০৫ ঘ.